জেরুজালেম, অক্টোবর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলকে হামলা চালানোর অনুমতি দেবে না যুক্তরাষ্ট্র। অন্তত মার্কিন সেনারা যতদিন ইরাকে আছে ততদিন তো নয়ই। অজ্ঞাতপরিচয় কয়েকটি কূটনৈতিক সূত্রের উদ্ধৃতি দিয়ে ইসরায়েলি টেলিভিশন 'চ্যানেল ১০' এর প্রতিবেদনে একথা বলা হয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের সঙ্গে মস্কো সফররত এক ইসরায়েলি কর্মকর্তা এ প্রতিবেদন সম্পর্কে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। ইরান ও সিরিয়ার কাছে অত্যাধুনিক অস্ত্র বিক্রি না করার জন্য রাশিয়াকে চাপ দিতে মস্কো সফরে রয়েছেন ওলমার্ট।
'চ্যানেল ১০' এর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে কোনওরকম হামলার ঘটনায় ইরাকে মার্কিন বাহিনীর ঘাঁটি অরক্ষিত হয়ে পড়বে। ইরাকে সেনা উপস্থিতি ২ বছরের কম নাকি অনির্দিষ্টকাল থাকবে তা নির্ভর করছে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট কে হচ্ছেন তার ওপর।
ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলে তিনি ১৬ মাসের মধ্যেই ইরাক থেকে সেনা সরিয়ে নিতে চান। কিন্তু প্রতিদ্বন্দ্বী প্রার্থী জন ম্যাককেইন ইরাক যুদ্ধের গোঁড়া সমর্থক হওয়ায় তিনি সেখান থেকে সেনা সরানোর কোনও সময়সীমা দিতে রাজি নন। বরং তিনি ইরাকে অনির্দিষ্টকালের জন্য সেনা রেখে দেওয়ার পক্ষে।
পশ্চিমাদের অভিযোগ, ইরান বেসামরিক পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে। তবে ইরান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে বলে আসছে তাদের পরমাণু কর্মসূচি বিদ্যুৎ উৎপাদনের মতো শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনির পররাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, তারা পারমাণবিক শক্তিসমৃদ্ধ ইরানকে মোকাবেলার প্রস্তুতিমূলক নীতি নির্ধারণ নিয়ে কাজ করছেন।
ইসরায়েলের একটি নতুন সরকার গঠনের জন্য লিভনিকে মনোনীত করা হয়েছে। একাজে সফর হলে লিভনি প্রধানমন্ত্রী হবেন। গতমাসে দুর্নীতি কেলেঙ্কারিতে জড়িয়ে ওলমার্ট পদত্যাগ করেন। নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত তিনি তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করবেন।
মধ্যপ্রাচ্য ইসরায়েলকেই একমাত্র পরমাণু শক্তিধর দেশ বলে মনে করা হয়। ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের কড়া ও বিরূপ মন্তব্যের কারণে ইসরায়েল ইরানের পরমাণু কর্মসূচিকে নিজেদের নিরাপত্তায় হুমকি বলে মনে করে। আহমাদিনেজাদ অতীতে কয়েকবার ইসরায়েল রাষ্ট্রকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলার কথা বলেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৩৮ ঘ.
bdnews24