লন্ডন, অক্টোবর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)- সোমবারের পর মঙ্গলবারও বিশ্বের শেয়ার বাজারগুলোয় ধস থামেনি। এদিন অস্ট্রেলিয়া আকস্মিকভাবে সুদের হার কমানোর ঘোষণা দেওয়ার পর অবশ্য জাপান ছাড়া এশিয়ার অন্যান্য শেয়ার বাজারে গত চারদিনের মধ্যে প্রথমবারের মতো চাঙ্গা ভাব দেখা গিয়েছিল। কিন্তু আর্থিক সংকট নিরসনে ব্রিটিশ সরকারের পরিকল্পনা নিয়ে ব্যবসায়ীদের সন্দেহ না কাটায় এশিয়ার পাশাপাশি ইউরোপের শেয়ার বাজারগুলোতেও সেই চাঙ্গা ভাব থাকেনি। তছাড়া, গত আড়াই বছরের মধ্যে মঙ্গলবারই সবচেয়ে বেশি দরপতন হয়েছে ব্রিটেনের পাউন্ড স্টার্লিংয়ের।
মঙ্গলবার সকালে জাপান, দক্ষিণ কোরিয়া এবং চীনের শেয়ার বাজারে ব্যাপকহারে দর পড়ে যাওয়ার খবর পাওয়া যায়। তবে অস্ট্রেলিয়া সরকার সুদের হার পুরো এক শতাংশ কমিয়ে ছয় শতাংশে নামিয়ে আনার ঘোষণা দেওয়ার পর জাপান ছাড়া এশিয়ার অন্যান্য শেয়ার বাজারে কিছুটা চাঙ্গা ভাব দেখা যায়।
কিন্তু আর্থিক সংকট মোকাবেলায় ব্রিটিশ সরকারের কর্ম-পরিকল্পনা নিয়ে ব্যবসায়ীদের সন্দেহ না কাটায় তার নেতিবাচক প্রভাব পড়ে এশিয়া ও ইউরোপের শেয়ার বাজারগুলোয়। এদিন ব্রিটেনের 'রয়েল ব্যাংক অব স্কটল্যান্ড' এবং 'ললয়েডস' এর শেয়ারের দাম যথাক্রমে ৩০ শতাংশের বেশি এবং ১৮ শতাংশ পড়ে যায়।
চলমান বিশ্ব অর্থনৈতিক সংকটের প্রভাবে মঙ্গলবার ভারতীয় রুপির ব্যাপক দরপতন হয়েছে। এদিন সকালে গত সাড়ে পাঁচ বছরের মধ্যে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির বিনিময় হার রেকর্ড ৪৮ রুপির কিছু বেশিতে লেনদেন হয়। ২০০৩ সালের পর মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির এটাই সবচেয়ে বেশি দরপতন।
রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার সকালে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির বিনিময় হার ছিল ৪৮ দশমিক ০১ থেকে ০২। এর আগের দিন সোমবার ডলারের বিপরীতে রুপির বিনিময় হার ছিল ৪৭ দশমিক ৮০ থেকে ৮১।
ওদিকে, অর্থবাজারের এমন পরিস্থিতিতে মঙ্গলবার বৃদ্ধি পেয়েছে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত সোনার দাম। এদিন আউন্স প্রতি সোনা বিক্রি হয়েছে ৮৭২ ডলারে। এছাড়া, যুক্তরাষ্ট্্েরর অশোধিত তেলের দামও মঙ্গলবার দুই শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৮৯ দশমিক ৫৮ ডলারে বিক্রি হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬৫৫ ঘ.
bdnews24