স্টকহোম, অক্টোবর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - চিকিৎসায় নোবেল পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে ২০০৮ সালের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হচ্ছে ৬ অক্টোবর সোমবার। সুইডেনের রাজধানী স্টকহোমে নোবেল ফোরামের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটে গ্রিনিচ সময় সকাল ৯টা ৩০ মিনিটে এক সংবাদ সম্মেলনে চিকিৎসায় এ বছরের নোবেল বিজয়ীর নাম ঘোষণা করার কথা।
এর পরদিন মঙ্গলবার ৭ অক্টোবর গ্রিনিচ সময় সকাল ৯টা ৪৫ মিনিটে ঘোষণা করা হবে পদার্থবিদ্যায় নোবেল বিজয়ীর নাম এবং ৮ অক্টোবর বুধবার একইসময়ে ঘোষণা করা হবে রসায়ন শাস্ত্রের পুরস্কার।
সাহিত্যে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে ৯ অক্টোবর বৃহস্পতিবার গ্রিনিচ সময় সকাল ১১টায়।
১০ অক্টোবর শুক্রবার গ্রিনিচ সময় সকাল ৯টায় ঘোষণা করা হবে নোবেল শান্তি পুরস্কার। আর সবশেষে ১৩ অক্টোবর গ্রিনিচ সময় সকাল ১১টায় ঘোষণা করা হবে অর্থনীতিতে ২০০৮ সালের নোবেল বিজয়ীর নাম।
ডিনামাইট আবিস্কারক আলফ্রেড নোবেলের নামে ১৯০১ সালে এ পুরস্কার প্রবর্তন করা হয়। প্রথমে পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসা, সাহিত্য এবং শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়।
পরে ১৯৬৮ সালে অর্থবিজ্ঞানে অবদানের জন্য নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেলের নামে পুরস্কার দেওয়া শুরু করে এসভারিজেস রিকসব্যাংক। ১৯৬৯ সালে প্রথমবারের মতো অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬০০ ঘ.
bdnews24