২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের কিটক্যাটেও মেলামাইন

চীনে তৈরি নেসলে এসএ ও মার্স ইনকরপোরেটেডের স্ন্যাকসে বিষাক্ত 'মেলামাইন' পাওয়ায় বাজার থেকে পণ্যগুলো সরিয়ে নিতে বলেছে দক্ষিণ কোরিয়ার খাদ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা কোরিয়া ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন (কেএফডিএ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2008, 09:39 AM

Updated : 26 Aug 2022, 02:28 PM

সিউল, অক্টোবর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনে তৈরি নেসলে এসএ ও মার্স ইনকরপোরেটেডের স্ন্যাকসে বিষাক্ত 'মেলামাইন' পাওয়ায় বাজার থেকে পণ্যগুলো সরিয়ে নিতে বলেছে দক্ষিণ কোরিয়ার খাদ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা কোরিয়া ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন (কেএফডিএ)। চীনে তৈরি মার্সের 'এমএন্ডএম মিল্ক চকোলেট স্ন্যাকস'-এ ২ দশমিক ৩৮ পাটর্স পার মিলিয়ন (পিপিএম) এবং 'স্নিকারস পিনাট ফান সাইজ'-এ ১ দশমিক ৭৮ পিপিএম মেলামাইন পেয়েছে কেএফডিএ (১ কিলোগ্রামে কোন বস্তু ১ মিলিগ্রাম পরিমাণ থাকলে ১ পার্ট পার মিলিয়ন হয়)। এক বিজ্ঞপ্তিতে কেএফডিএ জানায়, ওই পণ্যগুলোতে মেলামাইন পাওয়ায় তাৎক্ষণিকভাবে এগুলো প্রত্যাহার করতে বলা হয়েছে। মার্স কর্তৃপক্ষ বলছে, তারা সাময়িকভাবে এই পণ্য প্রত্যাহার করছে, কারণ আইনগতভাবে এটি করতে তারা বাধ্য। তবে কেএফডিএ ঘোষিত মেলামাইনের মাত্রা স্বাস্থ্যগত হুমকি নয়। নেসলের 'কিটক্যাট' চকলেট বারেও ২ দশমিক ৮৯ পিপিএম মেলামাইন পাওয়া গিয়েছে। এই নিয়ে সিউলে সব মিলিয়ে ১০টি পণ্যে মেলামাইন চিহ্নিত হলো। নেসলে কর্তৃপক্ষ জানিয়েছে, কেএফডিএ চীনে তৈরি 'মিনি কিটক্যাট'-এর একটি ব্যাচ বাজার থেকে প্রত্যাহার করে নিতে বলেছে তাদের। নেসলের মিষ্টি জাতীয় আটটি পণ্যের মধ্যে শুধুমাত্র এই পণ্যটিতেই সামান্য মেলামাইন পাওয়া গিয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। এক বিবৃতিতে নেসলে কর্তৃপক্ষ জানায়, এই প্রতিষ্ঠানের পণ্যগুলো আন্তর্জাতিক মান অনুসারে সম্পূর্ণ নিরাপদ হলেও আমরা কর্তৃপক্ষের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দিয়েছি। বিবৃতিতে আরো বলা হয়, খাদ্যদ্রব্যে মেলামাইনের সর্বোচ্চ পরিমাণ সম্পর্কে দক্ষিণ কোরিয়ার কোন বিধি নেই। তাছাড়া দক্ষিণ কোরীয় কর্তৃপক্ষ কিভাবে এই পরীক্ষাগুলো করেছে তাও স্পষ্ট নয়। তৈজসপত্রের উপাদান হিসেবে বহুল ব্যবহৃত মেলামাইন বেশি পরিমাণে গ্রহণ করা হলে তা স্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। চীনে গত মাসে মেলামাইন মিশ্রিত দুধ গ্রহণের ফলে কমপক্ষে চারটি শিশুর মৃত্যু হয়। বর্তমানে চীনে তৈরি ও প্রক্রিয়াজাত ৪২৮টি পণ্য পরীক্ষা করবে বলে জানিয়েছে কেএফডিএ। শনিবার পর্যন্ত এই তালিকার ২৮৮টি পণ্য পরীক্ষা করা শেষ হয়েছে তাদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/জিএনএ/১৫৩৩ ঘ.