নয়াদিল্লি, অক্টোবর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস বলেছেন, ভারতের সঙ্গে ঐতিহাসিক পরমাণু বাণিজ্যের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ভারত সফরে আসা রাইস শনিবার নয়াদিল্লিতে একথা বলেন। তবে দেশে আমলাতান্ত্রিক জটিলতার কারণে এ সফরে তিনি ভারতের সঙ্গে বেসামরিক পরমাণু চুক্তিটি স্বাক্ষর করতে পারেননি।
বহুল আলোচিত যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যকার বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তি নিয়ে কথা বলতে শনিবার একদিনের সফরে নয়াদিল্লি পৌঁছান রাইস। সফর শেষে রোববার কাজাখস্তানের উদ্দেশে রওনা দিয়েছেন রাইস।
মার্কিন কংগ্রেসের উভয়কক্ষে বিলটি অনুমোদিত হওয়ার মাধ্যমে ভারতের সঙ্গে পরমাণু বিষয়ক চুক্তির ওপর তিন দশক ধরে চলা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার অবসান ঘটার পর এ সফরে আসেন রাইস।
তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জীর সঙ্গে শনিবার বৈঠকের পর রাইস সাংবাদিকদের জানান, ক্যাপিটল হিলে প্রশাসনিক প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় প্রেসিডেন্ট বুশ এখনও চুক্তিটিতে স্বাক্ষর করতে পারেননি।
এছাড়া, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শন ম্যাককরম্যাক শনিবার জানান, বিলটি অনুমোদিত হলেও কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে নথিভূক্ত হয়নি। তাই প্রেসিডেন্ট বুশ এখনও তাতে স্বাক্ষর করতে না পারায় বিলটি আইনেও পরিণত হয়নি।
তবে শনিবার নয়াদিল্লিতে রাইস সাংবাদিকদের নিশ্চিয়তা দিয়েছেন যে চুক্তিটি 'শিগগির' স্বাক্ষর করা হবে।
ভারতের বক্তব্য, তার বেসামরিক জ্বালানি নিরাপত্তার জন্য এ চুক্তি অত্যাবশ্যকীয়। তবে সমালোচকরা বলছেন, এ চুক্তি পরমাণু অস্ত্র বিস্তার রোধের প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৩৪৫ ঘ.
bdnews24