২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এলএ-র দুর্ঘটনাকবলিত ট্রেনচালক এসএমএস পাঠাচ্ছিলেন!

যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে গত মাসে ঘটা ভয়াবহ রেল দুর্ঘটনার মূল কারণ সম্ভবত চালকের মোবাইল ফোনে এসএমএস পাঠানো। মোবাইলে মগ্ন থাকায় ওই চালক একটি 'লালবাতি' সংকেত দেখতে পাননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2008, 11:15 AM

Updated : 26 Aug 2022, 02:27 PM

ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি)- যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে গত মাসে ঘটা ভয়াবহ রেল দুর্ঘটনার মূল কারণ সম্ভবত চালকের মোবাইল ফোনে এসএমএস পাঠানো। মোবাইলে মগ্ন থাকায় ওই চালক একটি 'লালবাতি' সংকেত দেখতে পাননি। ট্রেনের চালক রবার্ট সানচেজ দুর্ঘটনার ২২ সেকেন্ড আগে মোবাইলে এসএমএস পাঠিয়েছিলেন। তিনি নিজেও এই দুর্ঘটনায় মারা যান। ওই দিন দায়িত্ব পালনকালে তিনি ২৯টি এসএমএস পাঠিয়েছেন বলে তার ফোনের রেকর্ড থেকে জানা গেছে। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড জানিয়েছে ওই দুর্ঘটনার কারণ জানতে 'অনুসন্ধানের সব পথ' অনুসরণ করা হচ্ছে। গত ১২ সেপ্টেম্বর দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী ট্রেনটির সঙ্গে একটি মালবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষ হলে যুক্তরাষ্ট্রে গত ১৫ বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক এ রেল দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় চালকসহ ২৫ জন আরোহী নিহত ও ১৩০ জন আহত হয়। চালক সানচেজের দুই বন্ধু স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে জানায় দুর্ঘটনার ঠিক আগে তারা তার এসএমএস পায়। এই তথ্য জানার পর ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড সানচেজের মোবাইলের রেকর্ড চেয়ে আবেদন করে। এই দুর্ঘটনার পর থেকে ক্যালিফোর্নিয়ার ট্রেন চালকদের দায়িত্ব পালনের সময় মোবাইল ফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত জরিমানা হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এসকে/