বাগদাদ, অক্টোবর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাকের রাজধানী বাগদাদে বৃহষ্পতিবার ঈদের দিনে দুটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৩০ জন। পুলিশ একথা জানিয়েছে।
ইরাকের সুন্নি মুসলিমরা গতকালই ঈদুল ফিতর উদযাপন করলেও শিয়া মুসলিমরা বৃহষ্পতিবার তা পালন করছে।
পুলিশ জানায়, যে দুটি মসজিদে আত্মঘাতী হামলা চালানো হয়েছে সেগুলো শিয়া অধ্যুষিত এলাকায় অবস্থিত।
প্রথম ঘটনায় জাফরানিয়া এলাকার একটি মসজিদে একটি গাড়িবোমা নিয়ে আত্মঘাতী হামলা চালানো হয়। এতে কমপক্ষে ৭ জন মারা যান এবং ২১ জন আহত হন।
দ্বিতীয় ঘটনায় গায়ে বিস্ফোরক ভর্তি বেল্ট বেধে নিয়ে পায়ে হেঁটে নিউ বাগদাদ এলাকার একটি মসজিদে প্রবেশ করে এক আত্মঘাতী হামলাকারী। সেখানকার বিস্ফোরণে কমপক্ষে ৫ জন নিহত এবং ১০ জন আহত হন।
পুলিশ জানিয়েছে, উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। তবে আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৫৫০ ঘ.
bdnews24