ওয়াশিংটন, অক্টোবর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভারতের সঙ্গে যুগান্তকারী বেসামরিক পরমাণু চুক্তি অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেস। এর ফলে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের পরমাণু ব্যবসার ওপর থাকা তিন দশকের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হল এবং দেশটির সঙ্গে বেসামরিক পরমাণু চুক্তি স্বাক্ষরের পথে আর কোনো বাধা থাকল না।
বুধবার রাতে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাস হয় এটি। এর আগে শনিবার কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেনটেটিভস বা 'প্রতিনিধি পরিষদ'-এ পাস হয় বিলটি। এখন এ বিলটিকে আইনে পরিণত করার জন্য কেবল প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের স্বাক্ষরের জন্য অপেক্ষা।
বুধবার সিনেটে ৮৬-১৩ ভোটে পাস হয় বিলটি। এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইসের পূর্ব নির্ধারিত ভারত সফরের ঠিক আগে আগে এ বিলটি অনুমোদন করল কংগ্রেস।
এর আগে গত শনিবার প্রতিনিধি পরিষদে ২৯৮-১১৭ ভোটে পাস হয়েছিল চুক্তিটি।
ভারত-মার্কিন বেসামরিক পরমাণু চুক্তিটি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পাস হওয়ায় তা ভারতের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটানোর জন্য পরমাণু জ্বালানি আমদানি এ সংক্রান্ত বাণিজ্যের পথ খুলে দেবে। পাশাপাশি তা যুক্তরাষ্ট্রের জন্য বিলিয়ন ডলারের বাজার তৈরিতে সহায়ক হবে।
কংগ্রেসে বিলটি পাস হওয়ায় ভারতের সঙ্গে বেসামরিক পরমাণু চুক্তি স্বাক্ষরের পথে আর কোনো বাধা থাকল না। কেননা ভারত-মার্কিন চুক্তিটি এর আগেই এ ধরনের চুক্তি স্বাক্ষরের জন্য প্রয়োজনীয় অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত '৪৫ জাতি পরমাণু সরবরাহকারী গ্র"পের' অনুমোদন লাভ করেছে।
জর্জ ডব্লিউ বুশের প্রশাসন দীর্ঘদিন ধরেই চাইছে ক্ষমতার এ মেয়াদেই ভারতের সঙ্গে চুক্তিটি স্বাক্ষর করা হোক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৪২০ ঘ.
bdnews24