২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন আগ্রাসনের বলি ১০ লক্ষাধিক ইরাকি: জরিপ

২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ইরাক আগ্রাসনের পর ১০ লাখের বেশি ইরাকির প্রাণহানি হয়েছে। ব্রিটেনের শীর্ষস্থানীয় একটি জরিপ সংস্থা সূত্রে বুধবার একথা জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2008, 09:02 AM

Updated : 26 Aug 2022, 01:18 PM

লন্ডন, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ইরাক আগ্রাসনের পর ১০ লাখের বেশি ইরাকির প্রাণহানি হয়েছে। ব্রিটেনের শীর্ষস্থানীয় একটি জরিপ সংস্থা সূত্রে বুধবার একথা জানা গেছে। 'ওপিনিয়ন রিসার্চ বিজনেস' (ওআরবি) ২০০৭ সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসে এ জরিপ চালায়। (আরও তথ্যসহ) জরিপে ২,৪১৪ জন প্রাপ্তবয়স্ক ইরাকির সাক্ষাৎকার নেওয়া হয়। এতে দেখা গেছে, স্বাভাবিক কারণে নয় বরং ইরাক আগ্রাসনের ফলে সৃষ্ট সংঘাতে ২০ শতাংশ লোকের পরিবারের কমপক্ষে একজন করে মারা গেছে। ইরাকে ২০০৭ সালে চালানো সর্বশেষ আদমশুমারিতে দেখা যায়, সাড়ে চল্লিশ লাখ পরিবার রয়েছে। ওআরবি তাদের জরিপে পরিবারের ওই সংখ্যার ভিত্তিতেই ইরাকি নিহতের পরিসংখ্যান দিয়ে বলেছে, ইরাক যুদ্ধে প্রায় ১০ লাখ ৩০ হাজার লোক মারা গেছে। জরিপে নিহতের সংখ্যা ৯৪৬,২৫৮ থেকে ১১ লাখ ২০ হাজারের মধ্যে বলেও উল্লেখ করা হয়েছে। ওআরবি জানিয়েছে, জরিপে তারা সত্যিই দেখতে পেয়েছে যে, যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পর ১২ লাখ ইরাকি মারা গেছে। ওআরবি ইরাকের ১৮টি প্রদেশের ১৫টিতে এ জরিপ চালায়। সংস্থাটিকে কারবালা, আনবার এবং আরবিল প্রদেশে জরিপ চালাতে দেয়নি সেখানকার স্থানীয় কর্তৃপক্ষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৩১৪ ঘ.