২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাদাওয়ির পথে কাঁটা হয়ে থাকবেন মাহাথির

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, আগামী নির্বাচনেও তিনি প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমেদ বাদাওয়ির পথে কাঁটা হয়ে থাকবেন। তার বিরুদ্ধে তিনি কথা বলেই যাবেন। মঙ্গলবার এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2008, 01:57 PM

Updated : 26 Aug 2022, 01:17 PM

কুয়ালালমপুর, জনুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, আগামী নির্বাচনেও তিনি প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমেদ বাদাওয়ির পথে কাঁটা হয়ে থাকবেন। তার বিরুদ্ধে তিনি কথা বলেই যাবেন। মঙ্গলবার এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রীর কড়া সমালোচক মাহাথির অভিযোগ করে আসছেন, বাদাওয়ি সরকারের কোনো লক্ষ্য নেই এবং তার সরকার মালয়েশিয়ার স্বার্বভৌমত্ত্ব বিকিয়ে দিচ্ছে। মঙ্গলবার পেট্রোনাস টুইন টাওয়ারের কার্যালয়ে কয়েকটি বিদেশি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বাদাওয়ি সম্পর্কে মাহাথির বলেন, "আমি এখনও তার অনেক নীতির সঙ্গে একমত হতে পারি না। বিশেষ করে মালয়েশিয়াকে তিনি সিঙ্গাপুরের ইচ্ছার অধীন করে দিয়েছেন।" বুধবার মাহাথিরের একটি নতুন বই প্রকাশিত হবে। এতে তিনি সন্ত্রাসবাদ থেকে ইসলাম ও মিয়ানমারসহ বিশ্ব নেতাদের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেছেন। মালয়েশিয়ার ২২ বছরের শাসক মাহাথির বলেন, "বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে আমরা আর আগের মত স্বাধীন নই। আমরা ধীরে ধীরে অন্যের ইচ্ছাধীন হয়ে পড়ছি।" দেশের অর্থনীতি বিরূপ অবস্থায় আছে উল্লেখ করে তিনি অভিযোগ করেন বাদাওয়ি জনগণের অর্থ অপচয় করছেন। একইসঙ্গে বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিমকে তিনি 'দিবস্বপ্নদ্রষ্টা' আখ্যা দেন। মাহাথির মনে করেন, আগামী নির্বাচনে ক্ষমতাসীন জোট বিপুল সংখ্যগরিষ্ঠতা নিয়ে আবারও ক্ষমতায় আসবে। তবে তিনি জানান, জোটের কিছু নেতার হাত থেকে জনগণকে মুক্তি দেওয়া উচিৎ। তিনি বলেন, "জোটে কিছু লোক আছে যাদের অবদান নেতিবাচক। তাদেরকে মনোনয়ন দেওয়া ঠিক হবে না।" তিনি আরও বলেন, "আমি এখনও দলকে সমর্থন করি এবং বিশ্বাস করি নির্বাচনে বেশ ভাল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে দল ক্ষমতায় আসবে।" মালয়েশিয়ায় আগামী মার্চে নির্বাচন হবে বলে আশা করা হচ্ছে। বিরোধী নেতা আনোয়ার ইব্রাহিম সম্পর্কে মাহথির বলেন, "আগামী নির্বাচনে তিনি কোনো ফ্যাক্টর নন। তার রাজনৈতিক ভবিষ্যৎ শেষ। এখনি তিনি যদি মনে করেন প্রধানমন্ত্রী হবেন তাহলে সেটা হবে অত্যন্ত বাজে দিবাস্বপ্ন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৯৪০ ঘ.