২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র ও ব্রিটেন পাকিস্তানে গণতন্ত্রের বিপক্ষে: ইমরান খান

পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ দলের নেতা ও সাবেক ক্রিকেট তারকা ইমরান খান সোমবার বলেছেন, বরখাস্ত হওয়া বিচারকদের পুনর্বহালের আহ্বান না জানিয়ে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন বলতে পারে না যে তারা পাকিস্তানে গণতন্ত্র সমর্থন করে। মুশাররফকে ইঙ্গিত করে তিনি বলেন, একজন ব্যক্তিকে সমর্থন দেওয়ার পরিবর্তে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের উচিত পাকিস্তানের জনগণ এবং গণতান্ত্রিক প্রক্রিয়া সমর্থন করা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2008, 11:30 AM

Updated : 26 Aug 2022, 01:17 PM

লন্ডন, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ দলের নেতা ও সাবেক ক্রিকেট তারকা ইমরান খান সোমবার বলেছেন, বরখাস্ত হওয়া বিচারকদের পুনর্বহালের আহ্বান না জানিয়ে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন বলতে পারে না যে তারা পাকিস্তানে গণতন্ত্র সমর্থন করে। মুশাররফকে ইঙ্গিত করে তিনি বলেন, একজন ব্যক্তিকে সমর্থন দেওয়ার পরিবর্তে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের উচিত পাকিস্তানের জনগণ এবং গণতান্ত্রিক প্রক্রিয়া সমর্থন করা। গত ৩ নভেম্বর পাকিস্তানের প্রেসিডেন্ট এবং তৎকালীন সেনাপ্রধান পারভেজ মুশাররফ জরুরি অবস্থা জারির পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিসহ দেশটির অধিকাংশ বিচারককে বরখাস্ত করেন। পরবর্তীতে তিনি তার অনুগত বিচারকদের দিয়ে সেসব শূণ্যপদ পূরণ করেন। লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের সঙ্গে মুশাররফের বৈঠকের পর ইমরান খান বলেন, মুশাররফকে সমর্থন করা এবং বিচারকদের পুনর্বহালের আহ্বান না জানানোর মধ্য দিয়ে পাকিস্তানি জনগণের ইচ্ছা ও গণন্ত্রের বিরুদ্ধাচরণ করছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "তারা ১৬ কোটি লোকের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং একনায়কত্বকে সমর্থন করছে। তিনি আরও বলেন, "একজন ব্যক্তিকে সমর্থন দেওয়ার পরিবর্তে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের জন্য পাকিস্তানের জনগণ এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন করা গুরুত্বপূর্ণ।" ইমরান বলেন, পাকিস্তানে স্বাধীন বিচারবিভাগের পুনর্বহালই হচ্ছে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার একমাত্র উপায়। ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ পাকিস্তানের আগামী ১৮ ফেব্র"য়ারির সাধারণ নির্বাচন বয়কট করছে। ইমরান বলেন, "ব্রিটেন বা যুক্তরাষ্ট্র কোনো প্রশাসনই বিচারকদের পুনর্বহালের আহ্বান জানায়নি। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হলে সে বিষয়ে সিদ্ধান্ত দেবে কে?" এর আগে ব্রাউনের সঙ্গে দেওয়া এক যৌথ সংবাদ সম্মেলনে মুশাররফ বলেন, তিনি পাকিস্তানে অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করবেন। সংবাদ সম্মেলনে ব্রাউন বলেন, "প্রেসিডেন্ট মুশাররফ আমাকে নিশ্চিত করেছেন যে, স্বচ্ছ, বিশ্বাসযোগ্য ভোট নিশ্চিত করতে সব ধরনের নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।" ১৯৯২ সালের ক্রিকেট বিশ্বকাপ জয়ী পাকিস্তান দলের অধিনায়ক ইমরান খান এক দশক আগে তার দল গঠন করেন। গত বছরের শেষ দিকে জরুরি অবস্থার সময় মুশাররফ প্রশাসন যেসব রাজনীতিককে আটক করেছিল তাদের মধ্যে তিনিও ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/১৭১৯ ঘ.