ইসলামাবাদ, জানুয়ারি , ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তান কর্তৃপক্ষ সোমবার ইসলামাবাদে এক মার্কিন কূটনীতিকের লাশ উদ্ধার করেছে। তার মাথায় গুলির আঘাত রয়েছে। কূটনীতিকের লাশটি তার বাড়ি থেকেই উদ্ধার করা হয়। তিনি আত্মহত্যা করেছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ এবং স্বরাষ্ট্রমন্ত্রী একথা জানিয়েছে।
মার্কিন দূতাবাস নিহত ব্যক্তির বয়স ৩৭ এবং তার নাম কেইথ রায়ান বলে জানিয়েছে। রায়ান যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির ইমিগ্রেশন এণ্ড কাস্টমস এনফোর্সমেন্ট এটাচি হিসাবে কাজ করছিলেন বলেও জানিয়েছে দূতাবাস।
এক সংক্ষিপ্ত বিবৃতিতে দূতাবাস জানিয়েছে, "ঘটনাটি পুরোপুরি তদন্ত করে দেখা হবে। এর অন্যথা হওয়ার সম্ভাবনা নেই।"
বিবৃতিতে আরও বলা হয়, "রায়ান সোমবার মারা গেছেন। এ খবর তার পরিবারকে জানানো হয়েছে।"
ইসলামাবাদে পুলিশের ঊর্ধ্বতন সুপারইনটেন্ডেন্ট কলিম ইমাম জানান, "ওই কূটনীতিক এক বছর ধরে পাকিস্তানে ছিলেন। মিশন শেষে সোমবারই তার যুক্তরাষ্ট্রে ফেরার কথা ছিল। কিন্তু এদিন তিনি বাড়ির বাইরে বেরোননি। পরে তাকে বাথরুমে মরে পড়ে থাকতে দেখা যায়। তার মাথায় গুলির জখম ছিল।"
স্বরাষ্ট্রমন্ত্রী হামিদ নওয়াজ রয়টার্সকে বলেছেন, " তারা এ ঘটনাকে আত্মহত্যা বলেই মনে করছেন। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১২৬ঘ.
bdnews24