কলম্বো, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - শ্রীলংকার উত্তরাঞ্চলে এলটিটিই গেরিলাদের সঙ্গে সেনাবাহিনীর নতুন সংঘর্ষে আরও ২৮ তামিল গেরিলাকে হত্যার দাবি জানিয়েছে সেনারা। ওই সংঘর্ষে ২ সেনাসদস্যও মারা যায় বলে মঙ্গলবার জানিয়েছে সেনাবাহিনী।
জানুয়ারির ১৬ তারিখে 'লিবারেশন টাইগার্স অব তামিল ইলম' (এলটিটিই) এর সঙ্গে সরকারের অস্ত্রবিরতি আনুষ্ঠানিকভাবে ভেঙে যাওয়ার পর থেকে এ পর্যন্ত কয়েকশ গেরিলাকে হত্যা করা হয়েছে বলে দাবি জানিয়েছে সেনারা।
সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার উদয় নানায়েক্কারা জানান, "জাফনা, ভানুনিয়া, মান্নার এবং ভেলিউয়াতে সংঘর্ষ হয়েছে। এতে ২৮ সন্ত্রাসী এবং ২ সেনা মারা গেছে।"
এলটিটিই'র পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। অবশ্য এলটিটিই সমর্থক ওয়েব সাইট 'তামিলনেট ডটকম' জানিয়েছে মান্নার, ভানুনিয়া এবং পলোন্নারুয়াতে সংঘর্ষ অব্যাহত আছে। তবে সেখানে হতাহতের বিষয়ে কিছু জানায়নি তারা।
শ্রীলংকায় তামিল গেরিলা অধ্যুষিত অঞ্চলে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে তামিল গেরিলাদের সশস্ত্র সংগ্রামে ১৯৮৩ সাল থেকে এখন পর্যন্ত প্রায় ৭০,০০০ মানুষ প্রাণ হারিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৪২০ ঘ.
bdnews24