সিডনি,জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স ) - ব্রিটেনের রাণী এলিজাবেথের জন্যই প্রজাতন্ত্র হতে পারছে না অস্ট্রেলিয়া। কেননা সাংবিধানিকভাবে রাণীই হচ্ছেন অস্ট্রেলিয়ার রাষ্ট্রপ্রধান। তিনি যতদিন মারা না যাচ্ছেন কিংবা সিংহাসন না ছাড়ছেন ততদিন অস্ট্রেলিয়া প্রজাতন্ত্র হতে পারবে না। অস্ট্রেলিয়ার নেতৃস্থানীয় রাজনীতিবিদ ও প্রজাতন্ত্র আন্দোলনের সাবেক প্রধান ম্যালকম টার্নবাল একথা বলেছেন।
বর্তমানে বিরোধী দলের রাজস্ব বিভাগের মুখপাত্র ম্যালকম টার্নবাল জানান, রাণীর শাসন যতদিন থাকবে অস্ট্রেলীয়রা প্রজাতন্ত্রের জন্য ভোট দেবে না।
অধিকাংশ অস্ট্রেলীয়ই চায় তাদের দেশ প্রজাতন্ত্র হোক। এ লক্ষ্যে ১৯৯৯ সালে গণভোটও হয়। কিন্তু তা ব্যর্থ হয়। কারণ, অস্ট্রেলীয়রা প্রজাতন্ত্রের ধরন নিয়ে একমত হতে পারেনি।
তবে টার্নবাল এও বলেন যে, রাণী সিংহাসন ত্যাগ করলে জনগণ কোন ধরনের রাষ্ট্রপ্রধান চায়-- তা নিয়ে বিতর্ক সৃষ্টি হতে পারে। তিনি আরও বলেন, "১৯৯৯ সালের গণভোটের সময় আমি বলেছিলাম, আমরা 'না' ভোট দিলে তা দীর্ঘ সময়ের জন্যই 'না' বোঝাবে।"
একইসঙ্গে টার্নবাল বলেন, "আমার মতে, রাণীর শাসনাবসানের পরই-- (তা তিনি মারা যান কিংবা সিংহাসন ত্যাগ করুন)-- অস্ট্রেলিয়াকে প্রজাতন্ত্র করার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।"
সাবেক কনজারভেটিভ প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড রাজতন্ত্রের সমর্থক ছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী কেভিন রুড ও তার সরকার প্রজাতন্ত্র সমর্থকদের কাছে অঙ্গীকারাবদ্ধ। কিস্তু প্রধানমন্ত্রী রুড এই ইস্যুর ওপর শিগগিরি কোন ভোট অনুষ্ঠানের সম্ভাবনা নাকচ করেছেন।
১৯৯৩ সাল থেকে এক মতামত জরিপে দেখা গেছে, অধিকাংশ নাগরিকই জনগণের ভোটে নির্বাচিত প্রেসিডেন্টের নেতৃত্বে অস্ট্রেলিয়া প্রজাতন্ত্র চায়। কিস্তু অস্ট্রেলিয়া প্রজাতন্ত্র প্রশ্নে ১৯৯৯ সালের গণভোট ব্যর্থ হয়। কারণ, সেখানে সংসদের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তাব করা হয়েছিল।
উল্লেখ্য, বহুসংস্কৃতির দেশ অস্ট্রেলিয়া । এখানে ১৫০টিরও বেশি দেশের মানুষের বাস। তাদের অনেকের সঙ্গেই বৃটেনের ব্যক্তিগত কোনো যোগাযোগ নেই বললেই চলে।
একসময় দেশটি ব্রিটিশ উপনিবেশ ছিল। বর্তমানে অস্ট্রেলিয়া একটি স্বাধীন ফেডারেশন। তবে এখনও ব্রিটিশরাজ দেশটির সাংবিধানিক প্রধান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১২৪৫ঘ.
bdnews24