ব্যাংকক, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সামাক সুন্দরাজেভ থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন সোমবার। ব্যাংককের সাবেক গভর্নর ৭২ বছর বয়সী সামাক ২০০৬ সালের সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার একজন ঘনিষ্ঠ সমর্থক হিসাবে পরিচিত।
থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের লক্ষ্যে সোমবার দেশটির ৪৮০ আসন বিশিষ্ট পার্লামেন্টে ভোটাভুটি হয়। এতে থাকসিনের সমর্থক ও স্পষ্টভাষী ডানপন্থি সামাককে ভোট দেন ৩১০ জন পার্লামেন্ট সদস্য।
সামাক থাইল্যান্ডের ছয় দলীয় জোট সরকারের নেতৃত্ব দিবেন। গত ২৩ ডিসেম্বরের নির্বাচনে সামাকের পিপল পাওয়ার পার্টি বা পিপিপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হলে তারা এ জোট গঠন করে। নির্বাচনে পিপিপি ২৩৩টি আসনে বিজয়ী হয়।
পার্লামেন্টে সোমবারের ভোটাভুটির পর সামাক বলেন, "প্রধানমন্ত্রীত্ব গ্রহণ করা দায়িত্বশীলতা এবং বিশ্বস্ততার একটি কাজ এবং আমি এটা স্বেচ্ছায়ই পালন করব।"
থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুল্যাদেজ এর অনুমোদন পাওয়ার পরই সামাক আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন। আশা করা হচ্ছে, আগামী কয়েক দিনের মধ্যেই রাজা ভূমিবল এ অনুমোদন দেবেন।
প্রধানমন্ত্রী হওয়ার আগেই ব্যাংককের সাবেক গভর্নর সামাক নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী থাকসিনকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করেন। তার বক্তব্য থাই সেনাবাহিনী ও রাজতন্ত্র সমর্থক অভিজাত শ্রেণীর সঙ্গে তাকে একটি মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়ে দিয়েছে।
প্রসঙ্গত, থাইল্যান্ডে ২০০৬ সালের রক্তপাতহীন সেনা অভুত্থানের মাধ্যমে থাকসিনকে ক্ষমতাচ্যুত করার জন্য এ অভিজাত শ্রেণীকে দায়ি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৪০৩ ঘ.
bdnews24