২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মসুলে আল-কায়েদা বিরোধী অভিযানে নামছে ইরাকি সেনারা

ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরে আল-কায়েদা বিরোধী বড় ধরনের অভিযানে নামছে ইরাকি সেনারা। অভিযানের জন্য রোববার সেখানে সেনাশক্তি বাড়ানোর পাশাপাশি বেশ কয়েকটি ট্যাংক ও হেলিকপ্টার পাঠানো হয়েছে। নিরাপত্তা কর্মকর্তারা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2008, 12:18 PM

Updated : 26 Aug 2022, 01:16 PM

বাগদাদ, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরে আল-কায়েদা বিরোধী বড় ধরনের অভিযানে নামছে ইরাকি সেনারা। অভিযানের জন্য রোববার সেখানে সেনাশক্তি বাড়ানোর পাশাপাশি বেশ কয়েকটি ট্যাংক ও হেলিকপ্টার পাঠানো হয়েছে। নিরাপত্তা কর্মকর্তারা একথা জানিয়েছেন। ইরাকি প্রধানমন্ত্রী নূরি আল-মালিকি শুক্রবার বলেন, ইরাকে আল-কায়েদার বিরুদ্ধে চূড়ান্ত অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইরাকি নিরাপত্তা বাহিনী। মার্কিন সেনা কমান্ডাররা বলে আসছেন, ইরাকের অধিকাংশ ভয়াবহ বোমা হামলার জন্য দায়ী আল-কায়েদা পশ্চিমাঞ্চলীয় আনবার এবং বাগদাদের আশপাশ থেকে বিতাড়িত হয়ে উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে পুনরায় একত্রিত হয়েছে। উত্তরাঞ্চীয় নিনেভহ প্রদেশের রাজধানী হচ্ছে মসুল। মসুলের অভিযান সম্পর্কে নিনেভেহ প্রদেশের সেনা অভিযানের কমান্ডার মেজর-জেনারেল রিয়াদ জালার তৌফিক জানিয়েছেন, কয়েক ঘণ্টার মধ্যেই বাগদাদ থেকে অতিরিক্ত সেনা এসে পৌঁছুবে। তবে এ অভিযানে ইরাকের কতজন সেনা অংশ নিচ্ছে সে বিষয়ে তিনি কিছু জানান নি। অবশ্য, ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মসুল অভিযানে তিন হাজার অতিরিক্ত পুলিশ অংশ নেবে। মুসলে মার্কিন সেনা উপস্থিতি কম। অবশ্য, এ অভিযানে তাদের ভূমিকা কী হবে সে বিষয়েও পরিষ্কার হওয়া যায়নি। অভিযানটি ইরাকি সেনাদের নেতৃত্বে হতে চলেছে বলে মনে হচ্ছে। মসুলের এ অভিযান সম্পর্কে ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আল-আসকারি বলেন, অভিযানের জন্য ইরাকের তৃতীয় বৃহত্তম শহরে সশস্ত্র গাড়ি এবং হেলিকপ্টার পাঠানো হচ্ছে। তিনি বলেন, অভিযান "খুব শিগগির" শুরু হবে। তিনি আরও বলেন, "বড় অভিযানের জন্য যা যা প্রয়োজন আমরা তার সবই সরবরাহ করব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৭৫২ ঘ.