২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজা সীমান্তে আব্বাসের নিয়ন্ত্রণে রাজি মিসর

মিসরের সঙ্গে গাজা সীমান্ত আব্বাসের নিয়ন্ত্রণে ছাড়তে রাজি মিসর। ওই এলাকায় হামাসের নিয়ন্ত্রণ ঠেকাতে মিসর এই পদক্ষেপে রাজি। ফিলিস্তিনি ও মিসরের কর্মকর্তারা রোববার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2008, 10:58 AM

Updated : 26 Aug 2022, 01:16 PM

জেরুজালেম, জানুয়ারি, ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মিসরের সঙ্গে গাজা সীমান্ত আব্বাসের নিয়ন্ত্রণে ছাড়তে রাজি মিসর। ওই এলাকায় হামাসের নিয়ন্ত্রণ ঠেকাতে মিসর এই পদক্ষেপে রাজি। ফিলিস্তিনি ও মিসরের কর্মকর্তারা রোববার একথা বলেছেন। ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি কায়রো থেকে রয়টার্সকে বলেছেন, "মিসরের সঙ্গে এ ব্যাপারে সমঝোতা হয়েছে যে, ২০০৫ সালের সীমান্তচুক্তি এবং ফিলিস্তিনি প্রেসিডেন্টের গার্ডদের নিয়ন্ত্রণের মাধ্যমে সীমান্ত সমস্যা সমাধান করা হব্।ে" কিন্তু হামাস তাৎক্ষণিকভাবে আব্বাসের হাতে সীমান্তের নিয়ন্ত্রণ ছাড়ার বিষয়টি প্রত্যাখ্যান করে বলেছে, তারাই মিসরের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টায় এ সঙ্কট সমাধানে পারদর্শী। রোববার মিসরের সঙ্গে গাজার ভেঙে ফেলা সীমান্ত প্রাচীরে হামাসের নিয়ন্ত্রণ ঠেকানোর চেষ্টা নেন ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। হামাস বুধবার গাজার সঙ্গে মিসরের সীমান্ত প্রাচীর ভেঙে ফেলে। আব্বাস এই সীমান্ত প্রাচীরসহ গাজা সীমান্ত ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিজ হাতে নিতে চান। বুধবার হামাস সীমান্ত প্রাচীরের একাংশ উড়িয়ে দিলে ওই পথ দিয়ে মিসরে প্রবেশ করে গাজার হাজার হাজার ফিলিস্তিনি। খাবার ও জ্বালানির সন্ধানে তারা দলে দলে মিসরে ঢুকে পড়ে। ইসরায়েল এতদিন ওই সীমান্ত এলাকা আব্বাস ও তার পশ্চিম তীর সরকারের নিয়ন্ত্রণে ছেড়ে দিতে অস্বীকৃতি জানিয়ে এসেছে। নিরাপত্তা নিয়ে উদ্বেগের অজুহাতে এই অস্বীকৃতি জানায় ইসরায়েল। কিন্তু এখন ওলমার্ট সীমান্তের নিয়ন্ত্রণ আব্বাসের হাতে ছেড়ে দিতে রাজি হলেও হামাসের সম্মতি ছাড়া আব্বাস কেমন করে ওই এলাকার নিয়ন্ত্রণ নেবেন সেটি এখনও স্পষ্ট নয়। ইসরায়েলের বিরুদ্ধে লড়াই না করার পশ্চিমা আহ্বান উপেক্ষা করে চলা ফিলিস্তিনি গেরিলা দল হামাস ইতোমধ্যেই সীমান্ত বন্ধের মিসরের প্রচেষ্টায় বাধা দেওয়ার শক্তি দেখিয়েছে। তারা বুলডোজার দিয়ে রাফা সীমান্তে মিসরে ঢোকার নতুন পথ তৈরি করেছে। আব্বাস বলছেন, " সীমান্ত এলাকায় তার নিয়ন্ত্রণ থাকলে গাজায় ইসরায়েলের অভিযান কমে আসবে।" কিন্তু শনিবার হামাস চ্যালেঞ্জ জানিয়ে আব্বাসকে বলেছে, তারা নিজেরাই মিসরের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে ভেঙে ফেলা সীমান্ত প্রাচীর আবার মেরামত করে নিতে প্রস্তুত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬১৭ঘ.