২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় জাতিসংঘের দুর্নীতিবিরোধী সম্মেলন এবং সুহার্তো

ইন্দোনেশিয়ার বালিতে সোমবার শুরু হচ্ছে জাতিসংঘের ২য় দুর্নীতিবিরোধী সম্মেলন। চলবে ২৮ জানুয়ারি থেকে ১ ফেব্র"য়ারি পর্যন্ত। 'ইউনাইটেড নেশনস কনভেনশন এগেইন্সট্ কোরাপশান' (ইউএনসিএসি) এর এ সম্মেলনে অংশ নিচ্ছে প্রায় ১৪০টি দেশ। সম্মেলনের ঠিক আগেরদিনই মারা গেছেন সাবেক স্বৈরশাসক সুহার্তো। ঘটনাটি কাকতালীয় হলেও এ সম্মেলনে বিশেষ মাত্রা যোগ করবে তার মৃত্যু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2008, 10:06 AM

Updated : 26 Aug 2022, 01:16 PM

জাকার্তা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইন্দোনেশিয়ার বালিতে সোমবার শুরু হচ্ছে জাতিসংঘের ২য় দুর্নীতিবিরোধী সম্মেলন। চলবে ২৮ জানুয়ারি থেকে ১ ফেব্র"য়ারি পর্যন্ত। 'ইউনাইটেড নেশনস কনভেনশন এগেইন্সট্ কোরাপশান' (ইউএনসিএসি) এর এ সম্মেলনে অংশ নিচ্ছে প্রায় ১৪০টি দেশ। সম্মেলনের ঠিক আগেরদিনই মারা গেছেন সাবেক স্বৈরশাসক সুহার্তো। ঘটনাটি কাকতালীয় হলেও এ সম্মেলনে বিশেষ মাত্রা যোগ করবে তার মৃত্যু। কেননা, এবারের সম্মেলনের অন্যতম আলোচ্য বিষয় হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের সাবেক শাসকরা দুর্নীতির মাধ্যমে রাষ্ট্র ও জনগণের যে হাজার হাজার কোটি ডলার আত্মসাৎ করেছেন সেসব অর্থ রাষ্ট্রীয় তহবিলে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দেশগুলোকে সহায়তা দেওয়া। কিন্তু দুর্নীতি দমন ইস্যুতে আয়োজক ইন্দোনেশিয়ার সদিচ্ছা আছে কি না সে বিষয়ে একটি বড় প্রশ্নবোধক হয়ে ছিল সাবেক স্বৈরশাসক সুহার্তোর বিরুদ্ধে বিপুল পরিমাণ রাষ্ট্রীয় তহবিল আত্মসাৎ এবং সীমাহীন দুর্নীতির বিচারের বিষয়টি। গত কিছুদিন ধরে সুহার্তো গুরুতর অসুস্থ থাকাকালে ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় রাজনৈতিক বিতর্ক ছিল তাকে বিচারের আওতায় আনা হবে না কি ক্ষমা করে দেওয়া হবে সে প্রশ্নটি ঘিরে। টানা ৩২ বছর ক্ষমতা আঁকড়ে থাকার পর ১৯৯৮ সালে তুমুল গণবিক্ষোভের মুখে সুহার্তোর পতনের পরপরই তার বিরুদ্ধে রাষ্ট্রীয় তহবিলের হাজার হাজার ডলার আত্মসাতের অভিযোগ আনা হয়। কিন্তু শারীরিক অসুস্থতার অজুহাতে তার বিরুদ্ধে থাকা ফৌজদারি মামলা প্রত্যাহার করে নেওয়া হয়। অবশ্য তার পরিচালিত দাতব্য প্রতিষ্ঠানের মাধ্যমে রাষ্ট্রীয় তহবিল আত্মসাতের অভিযোগে একটি মামলা চলছিল। এখন তার মৃত্যুর পর তার এবং তার পরিবারের বিরুদ্ধে থাকা অভিযোগগুলোর বিচার প্রক্রিয়া অব্যাহত থাকবে কি না সেটিও বড় প্রশ্ন। সুহার্তোর মতোই আরও বেশ কয়েকটি দেশের সাবেক শাসক যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে তাদের একটি তালিকা প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। এদের মধ্যে রয়েছেন ফিলিপাইনের ফার্দিনান্দ মার্কোস, সাবেক জায়ারের মবুতু সেসে সেকো এবং নাইজেরিয়ার সানি আবাচা। এ দুর্নীতিবিরোধী সম্মেলনের আয়োজনের দায়িত্বে রয়েছে জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক কার্যালয় - ইউএনওডিসি। সংস্থাটির নির্বাহী পরিচালক অ্যান্টোনিও মারিয়া কস্তা বলেছেন, "বালির এ সম্মেলনে আমি সদস্য দেশগুলোকে আহ্বান জানাব তারা দুর্নীতি দমনে অঙ্গীকার বাস্তবায়নের প্রমাণ দিক এবং আরও কি ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন তা চিহ্নিত করুক।" ২০০৩ সালে 'ইউনাইটেড নেশনস কনভেনশন এগেইন্সট্ কোরাপশান' (ইউএনসিএসি) গঠনের পর ১০৭ টি দেশ এ সনদ অনুমোদন করেছে। জাতিসংঘের এ সনদে দুর্নীতিকে একটি ফৌজদারি অপরাধ হিসেবে চিহ্নিত করে তাকে বিচারের আওতায় আনার কথা বলা হয়েছে। ২০০৬ সালে জর্ডানে জাতিসংঘের প্রথম দুর্নীতিবিরোধী সম্মেলন অনুষ্ঠিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৫৪০ ঘ.