রাফাহ, দামেস্ক, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মিসরের প্রেসিডেন্ট হোসনি মুবারকের প্রস্তাবে কায়রোয় ফাতাহ'র সঙ্গে সমঝোতা বৈঠকে বসতে রাজি হয়েছে ফিলিস্তিনি গেরিলা দল হামাস। হামাস নেতা খালেদ মেশাল শুক্রবার দামেস্কে একথা জানিয়েছেন। ওদিকে, গাজার সঙ্গে মিসরের সীমান্ত শিথিল করে দেওয়ার পর খাবার, জ্বালানি ও অন্যান্য নিত্য-প্রয়োজনীয় দ্রব্যের সন্ধানে সেখান দিয়ে মিসরে প্রবেশ করছে হাজার হাজার ফিলিস্তিনি।
কয়েকদিন ধরে ইসরায়েলি অবরোধের মুখে বিদ্যুৎহীনতা এবং চরম খাবার ও জ্বালানি সংকটে পড়ে গাজার অধিবাসীরা। দুর্ভোগ চরমে পৌঁছালে মিসর সীমান্ত দিয়ে সেদেশে প্রবেশ করতে শুরু করেন তারা। কিন্তু ফিলিস্তিনিদের প্রবেশ ঠেকাতে সীমান্ত বন্ধের চেষ্টায় সেখানে কড়া প্রতিরোধ গড়ে তুলতে শুরু করে মিসর।
কিন্তু মিসরের এ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হামাস গেরিলারা বুলডডোজার দিয়ে সীমানা প্রাচীরের একাংশ গুঁড়িয়ে দিলে সীমান্ত শিথিল করে পিছু হটে মিসরীয় সীমান্তরক্ষীরা।
গাজা সীমান্তের কাছে বসবাসকারী এক মিসরীয় কর্মকর্তা আদেল সালমান রয়টার্সকে বলেছেন, "মিসরের সীমান্ত রক্ষীরা পিছু হটায় বিনা বাধাতেই এখন মিসরে ঢুকতে পারছেন হাজার হাজার ফিলিস্তিনি।"
ওদিকে, মিসরের প্রেসিডেন্ট হোসনি মুবারকের প্রস্তাবে রাজধানী কায়রোতে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সমঝোতা বৈঠকে বসতে রাজি হয়েছে হামাস।
ফিলিস্তিনি বিদ্রোহী দলটির নির্বাসিত নেতা খালেদ মেশাল সিরিয়ার রাজধানী দামেস্কে শুক্রবার রয়টার্সকে বলেছেন, "আমি এবং হামাসের সব নেতারাই বৈঠকের এ উদ্যোগকে স্বাগক জানাই এবং একে সাফল্যে রূপ দিতে চাই।"
গত বছরের জুন মাসে ফাতাহকে পিছু হটিয়ে হামাস গাজার নিয়ন্ত্রণ নিয়ে নিলে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস হামাস প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়াকে বরখাস্ত করে হামাস নেতৃত্বাধীন সরকার বিলুপ্ত ঘোষণা করেন। সেই থেকে হামাস ও ফাতাহ'র মধ্যে কয়েকদফা বৈঠকের চেষ্টা হলেও কোনোটিই সফল হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৪৪০ ঘ.
bdnews24