গাজা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স ) - শুক্রবার গাজা উপত্যকার রাফাহ শহরে ইসরায়েলের দুটি বিমান হামলায় চার ফিলিস্তিনি গেরিলা নিহত হয়েছে। নিরাপত্তা কর্মকর্তা এবং স্বাস্থ্যকর্মীরা এ কথা জানিয়েছেন।
ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকায় উভয় বিমান হামলা চালানোর কথা নিশ্চিত করে বলেন, "সন্ত্রাসীদের আস্তানাগুলো" ছিল হামলার লক্ষ্য।
শুক্রবার সকালে প্রথমে একটা গাড়ির ওপর হামলা চালানো হয়। এতে গাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এ সময় গাড়িতে দু'জন লোক ছিল।
হামাস জানিয়েছে, দ্বিতীয় হামলাটি হামাসের স্থানীয় দুই গেরিলা কমান্ডারকে লক্ষ্য করে চালানো হয়।
প্রসঙ্গত, গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনি গেরিলারা যাতে ইসরায়েলে রকেট ও মর্টার হামলা চালাতে না পারে সে লক্ষ্যে ইসরায়েলি সেনারা মাঝেমধ্যেই এ ধরনের হামলা চালিয়ে আসছে।
অন্যদিকে, ইসরায়েলি অবরোধের কারণে খাদ্য ও জ্বালানি সঙ্কটে থাকা গাজা উপত্যকার হাজার হাজার ফিলিস্তিনি বুধবার রাফাহ সীমান্ত দিয়ে মিসরে প্রবেশের পর থেকে এলাকাটি পরিণত হয়েছে আন্তর্জাতিক অঙ্গনের অন্যমত দৃষ্টিতে। এর আগে ফিলিস্তিনি গেরিলারা দফায় দফায় বিস্ফোরণ ঘটিয়ে মিসর সীমান্তের ওই প্রাচীরের বেশ কিছু এলাকা ভেঙ্গে ফেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /এমডি/এজে/১৩২৮ ঘ.
bdnews24