নাইরোবি, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - কেনিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধ এবং সংকট নিরসনে বৃহস্পতিবার প্রথমবারের মত বৈঠক করেছেন প্রেসিডেন্ট মাওয়ি কিবাকি ও বিরোধীদলীয় নেতা রেইলা ওদিঙ্গা।
নাইরোবিতে কিবাকির কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠকের পর দুই নেতা করমর্দণ করেন। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের মধ্যস্থতায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের পর কফি আনান সাংবাদিকদের বলেন, "শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে আমরা সঠিক পথেই এগুচ্ছি।"
গত ২৭ ডিসেম্বরের বিতর্কিত নির্বাচনের পর কিবাকি ও ওদিঙ্গার মধ্যে এটাই প্রথম বৈঠক। বিরোধীদলের অভিযোগ নির্বাচনে ব্যাপক অনিয়ম ও জালিয়াতি হয়েছে। নির্বাচন পরবর্তী সহিংসতায় এ পর্যন্ত প্রায় সাতশ' মানুষ নিহত হয়েছে।
বৈঠক শেষে ওদিঙ্গা জানান, সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আলোচনা অব্যাহত থাকবে। তিনি বলেন, "কেনিয়াবাসীকে আমি কথা দিচিছ সংকট নিরসনে আমি এবং আমার দল কোনো প্রচেষ্টাই বাদ রাখবে না।"
দেশের ঐক্য ও শান্তি রক্ষার অঙ্গীকার করে প্রেসিডেন্ট কিবাকি বলেন, "কেনিয়ার সকল নাগরিককে আমি শান্ত থাকার এবং সহিংসতা পরিহারের আহ্বান জানাচ্ছি। আমরা সমস্যা সমাধানের চেষ্টা করছি।"
তিনি আরও বলেন, "আমাদের অভিজ্ঞতা, ঐক্য ও প্রত্যয় দিয়ে আমারা সংকট নিরসনে সফল হব, এ বিশ্বাস আমার আছে।"
এর আগে প্রেসিডেন্ট মাওয়ি কিবাকি ও বিরোধী নেতা রেইলা ওদিঙ্গার সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন মহাসচিব কফি আনান।
বৃহস্পতিবার কফি আনান কিবাকির রাষ্ট্রীয় বাসভবনে তার সঙ্গে এক ঘণ্টার বেশি সময় ধরে আলোচনা করেন। কিবাকির সঙ্গে বৈঠকের আগে কফি আনান কেনিয়ায় নিযুক্ত আফ্রিকার দেশগুলোর কূটনীতিকদের সঙ্গেও আলোচনা করেন।
এর আগে বুধবার রাতে কফি আনান কেনিয়ার প্রধান বিরোধী দল 'অরেঞ্জ ডেমোক্রেটিক মুভমেন্ট' (ওডিএম) এর প্রধান রেইলা ওদিঙ্গা এবং বিরোধীদলীয় অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে বিরোধীদলীয় নেতারা কফি আনানের অনুরোধে বৃহস্পতিবারের পরিকল্পিত বিক্ষোভ না করতে রাজি হয়।
ওডিএম অভিযোগ করে আসছে, বিতর্কিত ওই নির্বাচনের মাধ্যমে তাদের বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২২২৫ ঘ.
bdnews24