ব্রাসেলস, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কসোভোর প্রধানমন্ত্রী হাশিম থাচি বৃহস্পতিবার বলেছেন, তার দেশ স্বাধীনতা ঘোষণার জন্য প্রস্তুত। যদিও তিনি এ ব্যাপারে নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করেননি।
ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান হ্যাভিয়ার সোলানার সঙ্গে বৈঠকের পর থাচি সাংবাদিকদের বলেন, "স্বাধীনতা ঘোষণা এখন সময়ের ব্যাপার মাত্র। তবে এর আগে আমাদের কিছু নিয়ম রক্ষা করতে হবে এবং পরামর্শের প্রয়োজন রয়েছে।"
সোলানা জানিয়েছেন, স্বাধীনতা ঘোষণার সম্ভাব্য কোনো সময়সীমা নিয়ে থাচির সঙ্গে তার আলোচনা হয়নি।
তবে ইইউ'র একটি সূত্র জানিয়েছে, তিনিও বুঝতে পেরেছেন আলোচনায় কসোভোর স্বাধীনতা ঘোষনার নির্দিষ্ট সময়সীমা নিয়ে সমঝোতা হয়নি।
কসোভো দাবি করে আসছে স্বাধীনতা ঘোষণার জন্য পশ্চিমা মিত্রদের সমর্থন তাদের পেছনে আছে। ইইউ এর আগেই জানিয়েছে, কসোভোর উচিৎ সার্বিয়ার সাধারণ নির্বাচন পর্যন্ত অপেক্ষা করা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১৩৫ ঘ.
bdnews24