কলম্বো, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুদ্ধবিধ্বস্ত উত্তর-পূর্বাঞ্চলকে অধিকতর স্বায়ত্ত্বশাসন দিয়ে বৃহস্পতিবার নতুন শান্তি প্রস্তাব দিয়েছে শ্রীলংকা সরকার। তবে তামিল গেরিলারা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
প্রায় দুই বছর ধরে কাজ করার পর 'অল পার্টি রিপ্রেজেনটেটিভ কমিটি' (এপিআরসি) বৃহস্পতিবার এই তথাকথিক 'বিকেন্দ্রীকরণ প্রস্তাব উপস্থাপন করে। এতে তামিল অধ্যুষিত এলাকাকে আরও বেশি স্বায়ত্ত্ব্শাসন দেওয়ার কথা বলা হয়েছে। ওই এলাকায় স্বাধীন রাষ্ট্রের দাবিতে তামিল বিদ্রোহীরা গত ২৫ বছর ধরে যুদ্ধ করে আসছে।
তবে বিশ্লেষকরা জানিয়েছেন, নতুন এই শান্তি প্রস্তাবে তারা হতাশ হয়েছেন। নিরপেক্ষ পরামর্শক গ্র"প 'ন্যাশনাল পিস কাউন্সিল' এর বিশ্লেষক জিহান পেরেরা বলেন, "বর্তমানে যে অবস্থা চলছে তার থেকে এই প্রস্তাবে ভিন্ন কিছু নেই।"
তিনি আরও বলেন, "তবে সরকার যদি আন্তরিকতার সঙ্গে এই প্রস্তাব বাস্তবায়ন করে তাহলে হয়ত কিছু সুফল পাওয়া যেতে পারে। তখন বোঝা যাবে সরকার সামরিক পন্থার পরিবর্তে রাজনৈতিক উপায়ে সমস্যা সমাধানে আগ্রহী।"
শ্রীলংকা সরকার ১৯৮৭ সালেই 'লিবারেশন টাইগার্স অব তামিল ইলম' (এলটিটিই) নিয়ন্ত্রিত এলাকায় ক্ষমতা ভাগাভাগি চুক্তি করেছিল। তবে তা কখনও প্রকৃত অর্থে বাস্তবায়ন করা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২০০০ ঘ.
bdnews24