ইসলামাবাদ, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের আফগান সীমান্তবর্তী দক্ষিণ ওয়াজিরিস্তানের তিনটি এলাকা থেকে জঙ্গি নির্মূল অভিযান শুরু করেছে সেনারা। অভিযানকালে সংঘর্ষে ৪০ জঙ্গি ও আট সেনা নিহত হয়েছে। বৃহস্পতিবার পাকিস্তান সেনাবাহিনী একথা জানিয়েছে।
দক্ষিণ ওয়াজিরিস্তানের তালেবান নেতা বায়তুল্লাহ মেহসুদের অনুগত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের সপ্তাহব্যাপী সংঘর্ষের পর এলাকাটিতে অভিযান জোরদার করেছে পাকি সেনাবাহিনী।
পাকিস্তান সরকার বলে আসছে, গত মাসে সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী বেনজির ভুট্টো হত্যাকাণ্ডের নেপথ্যে ছিলেন বায়তুল্লাহ মেহসুদ।
বৃহস্পতিবার সেনাবাহিনী জানিয়েছে, নিরাপত্তারক্ষীরা দক্ষিণ ওয়াজিরিস্তানের তিনটি এলাকায় অভিযান চালিয়েছে।
এক বিবৃতিতে সেনাবাহিনী বলেছে, "এসব এলাকা থেকে জঙ্গিদের বিতাড়িত করা হয়েছে।"
বিবৃতিতে বলা হয়েছে, "গত ২৪ ঘণ্টায় ৪০ জন দুবৃত্ত নিহত এবং ৩০ জন দুর্বৃত্তকে আটক করা হয়েছে। এছাড়া, আহত হয়েছে অনেক দুর্বৃত্ত।"
বিবৃতিতে আরও বলা হয়েছে, সংঘর্ষে আট সেনা নিহত এবং অপর ৩২ সেনা আহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৩৩৭ ঘ.
bdnews24