মুম্বাই,জানুয়ারি ২৩ (বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম /রয়টার্স )- ভারতে বার্ড ফ্লু মহামারি আকারে ছড়িয়ে পড়তে পারে বলে কর্মকর্তাদের আশঙ্কা প্রকাশের পর সরকার জানিয়েছে, রোগের বিস্তার রোধে কয়েকটি নতুন গবেষণাগার স্থাপন করা হবে।
ভারতে সবচেয়ে জনবহুল প্রদেশ পশ্চিমবঙ্গের ১৯টি জেলার মধ্যে সাতটিতে বার্ড ফ্লু ভাইরাস সনাক্ত করা হয়েছে বলে মঙ্গলবার কর্মকর্তারা জানান। একইসঙ্গে তারা আশঙ্কা প্রকাশ করেন, দ্রুত ব্যবস্থা নিতে না পারলে রোগটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।
কিন্তু বার্ড ফ্লু ভাইরাস সনাক্ত করার জন্য ভারতে একটি মাত্র গবেষণাগার আছে কেন্দ্রীয় শহর ভুপালে। পশ্চিমবঙ্গ থেকে প্রতি সপ্তাহে সেখানে শ' শ' মরা মুরগি ও পাখি পরীক্ষা করার জন্য পাঠানো হচ্ছে। ফলে গবেষণাগারটিকে এই শ'শ' নমুনা পরীক্ষায় হিমশিম খেতে হচ্ছে এবং এ কারণে সংক্রমণের বিষয়গুলো নিশ্চিত হতে এবং সে মোতাবেক ব্যবস্থা নিতে দেরী হয়ে যাচ্ছে।
বার্ড ফ্লু মোকাবেলায় দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা চিন্তা করেই সরকার কয়েকটি নতুন গবেষণাগার প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে।
ভারতের পশু সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার শান্তনু কুমার বন্দপাধ্যায় মঙ্গলবার রয়টার্সকে বলেন, "বার্ড ফ্লু'র বর্তমান পরিস্থিতি বিবেচনা করে কয়েকটি গবেষণাগার প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে কাজও বেশ দ্রুততার সঙ্গে এগুচেছ।"
নমুনা পরক্ষী করতে দেরি হওয়ার কারণে অনেক ক্ষেত্রে সংক্রামিত এলাকায় কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে-- যেমন: আক্রান্ত এলাকার মুরগি মেরে ফেলতে পারছে না। এর ফলে রোগটি পাশ্ববর্তী এলাকায় ছড়িয়ে পড়ছে।
কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি মোকাবেলায় নতুন গবেষণাগার স্থাপন জরুরি হয়ে পড়েছে। পশ্চিমবঙ্গেই কমপক্ষে ছয়টি গবেষণাগার স্থাপন করা হবে যেখানে ভাইরাস সনাক্ত করা ও প্রতিরোধের ব্যবস্থা থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭২০ঘ.
bdnews24