ব্যাংকক, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - থাইল্যান্ডে ২০০৬ সালের সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত এবং নির্বাসিত প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার স্ত্রী পোজামান তার ও তার স্বামীর বিরুদ্ধে আনীত দুর্নীতির অভিযোগ অস্বীকার করে নিজেদের নির্দোষ দাবি করেছেন। একইসঙ্গে তিনি জানিয়েছেন, এসব অভিযোগের বিরুদ্ধে লড়তে আগামী মে মাসে দেশে ফিরছেন তার স্বামী থাকসিন।
পোজামান দুই সপ্তাহ আগে দেশে ফেরার পর তার বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলাগুলোর বিচার শুরু হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, থাকসিনের ফিরে আসার পথ সুগম করতে অভ্যুত্থানকারী নেতা ও থাই রাজার ঘনিষ্ঠজনদের সমর্থন পাওয়ার জন্য তাদের সঙ্গে দূরত্ব কমিয়ে আনতে দেশে ফিরে আইনী লড়াই শুরু করেছেন পোজামান।
পোজামানের বিরুদ্ধে করা দুর্নীতির অভিযোগগুলোর বিচারকাজ এমন দিনে শুরু হল যার একদিন আগে সেনা অভ্যুত্থানের নেতৃত্বদানকারী সেনা পরিষদ থাইল্যান্ডের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছে এবং আর কোনো সেনা অভ্যুত্থান না করার অঙ্গীকার করেছে।
নয়জন বিচারকের সমন্বয়ে গঠিত থাই সুপ্রিম কোর্টের একটি প্যানেলকে বুধবার দেওয়া এক লিখিত বিবৃতিতে পোজামান দুর্নীতিবিরোধী আইন লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেন।
বিচারপতি থোংলোর চোমনাম বলেন, "দ্বিতীয় বিবাদি সব অভিযোগ অস্বীকার করেছেন এবং সাক্ষ্য-প্রমাণের জন্য ৯০ দিন সময়ের আবেদন জানিয়েছেন।"
এসব অভিযোগ নিয়ে পরবর্তী শুনানি হবে ২৯ ও ৩০ এপ্রিল।
সেনা অভ্যুত্থানের নেতৃত্বদানকারী জেনারেলদের নিয়োগকৃত একটি প্যানেলের তদন্তের প্রেক্ষিতে অবৈধভাবে জমি ক্রয়সহ বেশ কিছু অভিযোগ আনা হয়েছে থাকসিন ও তার স্ত্রীর বিরুদ্ধে।
এসব অভিযোগে দোষী সাব্যস্ত হলে তাদের ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৪৩৭ ঘ.
bdnews24