২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পতনের মুখে ইতালির প্রোদি সরকার

ইতালির প্রধানমন্ত্রী রোমানো প্রোদির সরকার ভেঙে পড়ার উপক্রম হয়েছে। ক্ষমতাসীন মধ্য-বাম জোট থেকে একটি শরীক দল বেরিয়ে যাওয়ার পর মঙ্গলবার তিনি সরকারের ভাগ্য নির্ধারণের বিষয়টি পার্লামেন্টের ওপর ছেড়ে দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2008, 02:02 PM

Updated : 26 Aug 2022, 01:15 PM

রোম, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইতালির প্রধানমন্ত্রী রোমানো প্রোদির সরকার ভেঙে পড়ার উপক্রম হয়েছে। ক্ষমতাসীন মধ্য-বাম জোট থেকে একটি শরীক দল বেরিয়ে যাওয়ার পর মঙ্গলবার তিনি সরকারের ভাগ্য নির্ধারণের বিষয়টি পার্লামেন্টের ওপর ছেড়ে দিয়েছেন। পার্লামেন্টের নিম্নকক্ষে প্রোদি বলেন, "এখন পার্লামেন্টই সরকারের ভাগ্য নির্ধারণ করবে। আস্থা ভোটের আয়োজন করার আহ্বান জানিয়ে তিনি অর্থনৈতিক প্রবৃদ্ধি ও ব্যয় হ্রাসে তার সরকারে সফলতার বিষয়গুলো পার্লামেন্টে তুলে ধরেন। তিনি বলেন, "বিশ্ব যখন অর্থনৈতিক মন্দার মধ্যে আছে তখন নিজেদের অর্থনীতিকে রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন।" আগামী বুধবার পার্লামেন্টের নিম্নকক্ষে প্রোদির বিরুদ্ধে আস্থা ভোট অনুষ্ঠিত হবে। সেখানে হারলে পদত্যাগ করা ছাড়া তার কোনো উপায় থাকবে না। তবে প্রোদির সরকার টিকিয়ে রাখার প্রচেষ্টা সফল হওয়ার সম্ভাবনা খুবই কম। কেননা এখন পার্লামেন্টের উচ্চকক্ষে বিরোধীদের তুলনায় তার জোটের আসন সংখ্যা কম। ইতালির শীর্ষস্থানীয় দৈনিক 'করিয়ার ডেলা সেরা' জানিয়েছে, "এখন দেখতে হবে সরকার টিকিয়ে রাখতে প্রোদি কী করেন। এখনও কিছুই নিশ্চিত নয়।" তবে সরকার রক্ষায় প্রোদির প্রচেষ্টা সফল হওয়ার সম্ভাবনা এখন প্রায় অসম্ভব বলেই মনে হচ্ছে। ২০০৬ সালের নির্বাচনে বিরোধী সিলভিও বারলুসকোনির বিপক্ষে সামান্য ব্যবধানে জিতে সরকার গঠনের পর থেকে এ নিয়ে কয়েকবার হুমকির মুখে পড়ল প্রোদি সরকার। প্রোদির জোট সরকারকে সর্বশেষ বেকায়দায় ফেললেন বিচারমন্ত্রী ক্লেমেন্তে মাস্তেলা। গত সপ্তাহে পদত্যাগের পর গত সোমবার তিনি জোট সরকার থেকে তার দলের সমর্থন পত্যাহারের ঘোষণা দেন। তিনি আগাম নির্বাচন চান বলে জানিয়ে দিয়েছেন। মাস্তেলা বলেছেন, "সরকারের যেটুকু সংখ্যাগরিষ্ঠতা আছে তাও আর বেশি দিন স্থায়ী হবে না। মধ্য-বাম জোট শেষ হয়ে গেছে।" দুই সিনেটরকে নিয়ে জোট থেকে মাস্তেলার পদত্যাগের ফলে পার্লামেন্টের উচ্চকক্ষে প্রেদি সরকারের দুই আসনের সংখ্যগিরষ্ঠতা শেষ হয়ে গেছে। মাস্তেলা ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু হওয়ায় তিনি জোট থেকে সমর্থন প্রত্যাহার করে নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৯৫০ ঘ.