২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আটলান্টিকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাবে রাশিয়ার বোমারু বিমান

ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর জন্য রাশিয়া মঙ্গলবার ফ্রান্স ও স্পেনের আটলান্টিক উপকূলের 'বিসকে' উপসাগরে দুটি দূর-পাল্লার বোমারু বিমান পাঠিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2008, 12:12 PM

Updated : 26 Aug 2022, 01:15 PM

মস্কো, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর জন্য রাশিয়া মঙ্গলবার ফ্রান্স ও স্পেনের আটলান্টিক উপকূলের 'বিসকে' উপসাগরে দুটি দূর-পাল্লার বোমারু বিমান পাঠিয়েছে। মস্কো জানিয়েছে, সোভিয়েত আমলের পর ২৩ জানুয়ারি থেকে এ এলাকায় অনুষ্ঠিতব্য রুশ নৌবাহিনীর সবচেয়ে বড় মহড়ায় অংশ নিতে বোমারু বিমান দুটি পাঠানো হচ্ছে। রুশ বিমান বাহিনীর বরাত দিয়ে বার্তাসংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, ব্রিটেন ও নরওয়ের টর্নেডো এবং এফ-১৬ জেটবিমান রাশিয়ার 'ব্ল্যাকজ্যাক' বোমারু বিমানকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে। ফ্রান্স প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, রাশিয়ার এ মহড়া সম্পর্কে তার দেশকে জানানো হয়েছে। বিশ্বব্যাপী মস্কোর সামরিক শক্তি বাড়ানোর অংশ হিসাবে ক্রেমলিন যেসব পদক্ষেপ নিয়েছে --ন্যাটো সামরিক জোটভুক্ত দুই সদস্য দেশের উপকূলীয় এলাকায় এসব ক্ষেপণাস্ত্র পরীক্ষা তার সর্বশেষ পদক্ষেপ। আটলান্টিকে রাশিয়ার এ মহড়ায় বোমারু বিমানের সঙ্গে আরও অংশ নিচ্ছে যুদ্ধবিমান বহনকারী নৌযান, যুদ্ধজাহাজ এবং সাবমেরিন তল্লাশি নৌযান। এক বিবৃতিতে রাশিয়ার বিমান বাহিনী জানিয়েছে, "আটলান্টিকে নৌ-সেনাদের মহড়ায় সক্রিয় ভূমিকা রাখবে বিমান বাহিনী।" বিবৃতিতে বলা হয়েছে, "আজ দুটি কৌশলগত টিইউ-১৬০ বোমারু বিমান বিসকে উপসাগরের মহড়ার জন্য রওনা দিয়েছে। বিমান দুটি বেশ কয়েকটি মিশনে অংশ নেবে এবং কৌশলগত ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৭৫৫ ঘ.