গাজা,জানুয়ারি ২২ (বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম /রয়টার্স ) - আন্তর্জাতিক প্রতিবাদের মুখে গাজায় সীমান্ত অবরোধ সাময়িকভাবে তুলে নিয়েছে ইসরায়েল। হামাস নিয়ন্ত্রিত গাজায় জ্বালানি সরবরাহ করতে শুরু হয়েছে। কিছু ওষুধ এবং খাবারও সরবরাহ করতে দিচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনিদের রকেট হামলা বন্ধের কথা বলে ইসরায়েল শুক্রবার গাজা সীমান্ত বন্ধ করে দেয়। জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্ধ হয়ে অন্ধকারে ডুবে যায় গাজা।
আবরোধ চলতে থাকলে গাজায় মানবিক সঙ্কট চরমে পেীঁছবে বলে আন্তর্জাতিক সংগঠনগুলো সোমবার সতর্ক করে দেয় এবং ইসরায়েলকে এ অবরোধ অবিলম্বে তুলে নেওয়ার আহ্বান জানায়। এর প্রেক্ষিতে ইসরায়েল সাময়িকভাবে অবরোধ তুলে নিল। সাহায্য নির্ভর এলাকাগুলোতে ইসরায়েল ৫০ ট্রাক খাবার ও ওষুধ সরবরাহ করতে দেবে।
বিদ্যুৎ কেন্দ্রের পরিচালক দেরার আবু সিসি রয়টার্সকে বলেছেন, "জ্বালানি পৌঁছলে আমরা ১২ ঘন্টার মধ্যে পুনরায় উৎপাদন শুরু করতে পারব।" ইসরায়েল জানিয়েছে, তারা জেনারেটরগুলোর জন্য ৫০০,০০০ লিটার (১৩২০০০ ইউএস গ্যালন) ডিজেল ও রান্নার জন্য গ্যাস সরবরাহ করতে দেবে। তবে গাড়ির জন্য পেট্রোল সরবরাহের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র শোলমো দ্রোর বলেছেন, "আমরা এখন গাজায় আসলেই কি প্রয়োজন তা খতিয়ে দেখব এবং তার ভিত্তিতে আমদানির অনুমতি দেব।"
ইসরায়েল শুক্রবার গাজা সীমান্ত বন্ধ করে দেওয়ার পর থেকে পেট্রোল সরবরাহ কমে যাওয়ায় দোকানপাট বন্ধ হয়ে যায়। ফিলিস্তিনি কর্মকর্তারা গাজার সঙ্গে ইসরায়েলের এই অচলবস্থায় যুক্তরাষ্ট্রের উদ্যোগে শুরু হওয়া শান্তি প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে সতর্ক করে দেন।
গাজার এক জেলে আবু মাহমুদের উক্তি, "কোনো জ্বালানি নেই। মানে কোনো কাজও নেই। আমরা আগেও এরকম খারাপ সময়ের মুখোমুখি হয়েছি। কিন্তু এখনকার মতো খারাপ সময় কখনও দেখিনি।"
গাজার প্রধান বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের জন্য জ্বালানি সরবরাহকারী ইউরোপীয় ইউনিয়ন সোমবার বলেছে, ফিলিস্তিনিদের রকেট হামলা থেকে ইসরায়েলিদের রক্ষা করার ইসরায়েলের প্রয়োজনীয়তার বিষয়টি তারা বোঝে। কিন্তু এভাবে গাজা সীমান্ত বন্ধ করে দেওয়াকে 'ঢালাও শাস্তি' বলে এর নিন্দা করেছে ইইউ।
জাতিসংঘ এবং ইইউ এর প্রতিবাদের মুখে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক সোমবারই অবরোধ সাময়িকভাবে তুলে নেওয়ার সিদ্ধান্ত জানান। এর ফলে ইইউ গাজার বিদ্যুৎ কেন্দ্রের জন্য এক সপ্তাহের জ্বালানি সরবরাহ করতে পারবে। মঙ্গলবারেই এই চালান গাজায় যাবে।
তবে বারাক গাজায় আরও জ্বালানি এবং চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করতে দেবেন কিনা তা এখনও পরিস্কার নয়। ইসরায়েল সরকারের কর্মকর্তারা বলেছেন, "গাজার মানবিক সাহায্যের নিয়মিত মূল্যায়ন এবং ফিলিস্তিনিদের রকেট ছোঁড়া বন্ধের ওপর ভিত্তি করে ভবিষ্যতে জ্বালানি বা অন্য কোনো কিছু সরবরাহ করতে দেওয়া হবে।"
ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র শোলোমো দ্রোর বলেন, "আমরা প্রায়ই এমন সুযোগ দেওয়ার ব্যাপারে প্রতিশ্র"তিবদ্ধ নই। " ওদিকে বারাক বলেন, "ইসরায়েল কখনও জঙ্গিদের ওপর চাপ কমাবে না।"
এর আগে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরে মেকেল জানান, জ্বালানি সরবরাহ বন্ধের জন্য গাজার রকেট হামলা দায়ী। সবকিছু আগের মতো স্বাভাবিক হবে যদি ফিলিস্তিনি গেরিলারা ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করে। তিনি আরও জানান, ইসরায়েল পেট্রোল এবং ডিজেল সরবরাহও কমিয়ে দিয়েছে ।
রোববার গাজায় বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় পেট্রোল স্টেশন, মজুদ খাদ্যের দোকান, কারখানা বন্ধ হয়ে যায় । ফলে বেকারিগুলোর সামনে দীর্ঘ লাইন লেগে যায় ।
বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মহাপরিচালক দেরার আবু সিসি বলেন "কমপক্ষে ৮ লাখ মানুষ অন্ধকারে বাস করছে। এই বিপর্যয় হাসপাতাল, পানির কূপ, বাড়িঘর এবং কলকারখানার ওপর প্রভাব ফেলবে ।"
ইসরায়েলি এবং ফিলিস্তিনি কর্মকর্তাদের মতে, গাজাবাসীরা সাধারনত ২০০ মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার করে থাকে। যার মধ্যে ৬৫ মেগাওয়াট স্থানীয় ভাবে উৎপাদন করা হত। বাকী বিদ্যুৎ ইসরায়েল ও মিসর সরবরাহ করত। শুক্রবার ইসরায়েল কোন কারণ ছাড়াই গাজা সীমান্ত বন্ধ করে দেয়। সেইসঙ্গে জ্বালানি ও জাতিসংঘের সাহায্য সরবরাহও বন্ধ করে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ এলকিউ/১৪২১ঘ.
bdnews24