কলম্বো, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - শ্রীলংকার সেনাবাহিনী সোমবার উত্তরাঞ্চলীয় জাফনা উপদ্বীপের তামিল টাইগার গেরিলাদের অবস্থানগুলোতে হামলা চালিয়ে ১৫ জন গেরিলাকে হত্যা করেছে বলে জানিয়েছে।
এ নিয়ে গত তিনদিনে শ্রীলংকার সেনাবাহিনী ও লিবারেশন টাইগার্স অব তামিল ইলম (এলটিটিই) এর মধ্যকার সংঘর্ষে নিহতের সংখ্যা পৌঁছেছে ৮৯ জনে।
নরওয়ের মধ্যস্থতায় ছয় বছর আগে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিটি গত সপ্তাহে শ্রীলংকা সরকার আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়ার পর সর্বশেষ সংঘর্ষে ১৫ টাইগার নিহত হল।
তবে এ সম্পর্কে এলটিটিই'র পক্ষ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি। এছাড়া, সেখানে আসলে কী ঘটেছে সে সম্পর্কে নিরপেক্ষ সূত্রেও কোনো খবর পাওয়া যায়নি।
নাম প্রকাশ না করার শর্তে শ্রীলংকার জাতীয় নিরাপত্তা সংস্থার মিডিয়া সেন্টারের এক মুখপাত্র বলেন, "সেনাবাহিনী আজ সকালে জাফনার নগরকোভিল এলাকায় অভিযান চালিয়ে এলটিটিই'র ২৪টি বাঙ্কার পুরোপুরি ধ্বংস করাসহ ১৫ জন টাইগারকে হত্যা করেছে। সংঘর্ষে আহত হয়েছে আরও ৩০ জন টাইগার।"
তিনি বলেন, সংঘর্ষে দুই সেনা নিহত এবং অপর নয়জন আহত হয়।
বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ায় শ্রীলংকার উত্তরাঞ্চলে সেনা অভিযান জোরদার করার পথ পরিষ্কার হওয়ার পাশাপাশি দেশটিতে ২৫ বছরের রক্তাক্ত গৃহযুদ্ধ জোরালো হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
উল্লেখ্য, শ্রীলংকায় ১৯৮৩ সালে শুরু হওয়া সংঘর্ষে প্রায় ৭০ হাজার লোকের প্রাণহানি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬০২ ঘ.
bdnews24