গাজা,জানুয়ারি ২১ (বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম /রয়টার্স ) - হামাস অধিকৃত গাজা সীমান্ত বন্ধ করে দিয়েছে ইসরায়েল। রোববার ইসরায়েল জ্বালানি সরবরাহ বন্ধ করে দেয়ায় সেখানকার প্রধান বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্ধ হয়ে গাজার অধিকাংশ স্থান অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়। একইদিনে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় গাজায় দুই ফিলিস্তিনি নিহত এবং কমপক্ষে আরও দুইজন আহত হয়েছে। স্থানীয় চিকিৎসক এবং হামাস কর্মকর্তারা একথা জানান ।
ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরে মেকেল জানান, জ্বালানি সরবরাহ বন্ধের জন্য গাজার রকেট হামলা দায়ী । সবকিছু আগের মতো স্বাভাবিক হয়ে যাবে যদি ফিলিস্তিনি গেরিলারা ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করে দেয় । তিনি আরও জানান, ইসরায়েল পেট্রোল এবং ডিজেল সরবরাহও কমিয়ে দিয়েছে ।
রোববার বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় পেট্রোল স্টেশন, মজুদ খাদ্যের দোকান, কারখানা বন্ধ হয়ে যায় । ফলে বেকারিগুলোর সামনে দীর্ঘ লাইন লেগে যায় ।
বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মহাপরিচালক দেরার আবু সিসি বলেন "কমপক্ষে ৮ লাখ মানুষ অন্ধকারে বাস করছে। এই বিপর্যয় হাসপাতাল, পানির কূপ, বাড়িঘর এবং কলকারখানার ওপর প্রভাব ফেলবে ।"
ইসরায়েলি এবং ফিলিস্তিনি কর্মকর্তাদের মতে, গাজাবাসীরা সাধারনত ২০০ মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার করে থাকেন। যার মধ্যে ৬৫ মেগাওয়াট স্থানীয় ভাবে উৎপাদন করা হতো । বাকী বিদ্যুৎ ইসরায়েল ও মিশর সরবরাহ করতো । শুক্রবার ইসরায়েল কোন কারণ ছাড়াই গাজা সীমান্ত বন্ধ করে দেয় । সেই সঙ্গে জ্বালানি ও জাতিসংঘের সাহায্য সরবরাহও বন্ধ করে দেয়া হয়।
হামাস জানায়, ইসরায়েল রকেট হামলায় জড়িত ফিলিস্তিনি গেরিলাদের লক্ষ্য করে রোববার ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে দুজন ফিলিস্তিনি নিহত হয়। ইসরায়েল দুইটি ক্ষেপণাস্ত্র হামলার কথা স্বীকার করেছে ।
গত সপ্তাহেও ইসরায়েলি হামলায় বেশ কয়েক জন ফিলিস্তিনি নিহত হন। তাদের মধ্যে অনেকেই ফিলিস্তিনি গেরিলা ।
সেনাবাহিনী জানায়, গত পাঁচ দিনে গাজার ফিলিস্তিনি গেরিলারা ইসরায়েলে ২ শ'র বেশি মর্টার এবং রকেট নিক্ষেপ করেছে ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/এলকিউ/১৫০৮ ঘ.
bdnews24