ইসলামাবাদ, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স ) - পাকিস্তানের আফগান সীমান্তবর্তী দক্ষিণ ওয়াজিরিস্তানে ৪০ জঙ্গিকে আটক করে সেখানকার একটি এলাকাকে জঙ্গিমুক্ত করার দাবি জানিয়েছে দেশিটির সেনাবাহিনী। শনিবার সেনা কর্মকর্তারা একথা জানান।
সেনা মুখপাত্র আতাহার আব্বাস জানিয়েছেন, "গত রাতে ছাগমালাই এলাকায় অভিযান চালানোর সময় ৪০ জঙ্গিকে আটক করেছি আমরা। পুরো ছাগমালাই এলাকাটি জঙ্গিমুক্ত করা হয়েছে।"
আফগান সীমান্তবর্তী এলাকায় শুক্রবার দুটি আলাদা সেনা-জঙ্গি সংঘর্ষে কমপক্ষে ৯০ জঙ্গি নিহত হওয়ার পরপরই এ ঘটনা ঘটলো।
সেনা মুখপাত্র আব্বাস জানান, শুক্রবার ছাগমালাই এলাকায় একটি সেনা টহলে জঙ্গিরা হামলা চালালে সেনা-জঙ্গি সংঘর্ষ শুরু হয়। সেনারা পাল্টা হামলা শুরু করলে প্রায় ২০ থেকে ৩০ জঙ্গি নিহত হয়। পরে আরও ১০ জঙ্গির লাশ উদ্ধার করে সেনারা।
এছাড়া আরেকটি পৃথক সংঘর্ষে দক্ষিণ ওয়াজিরিস্তানের লাধা অঞ্চলে আরও ৫০/৬০ জন জঙ্গি নিহত হয় বলেও দাবি করেছে সেনাবাহিনী।
তবে শুক্রবার দিবাগত রাতের ওই অভিযানে জঙ্গিদের কিভাবে আটক করেছে তার বিস্তারিত জানায়নি সেনারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এজে/১৬২১ ঘ.
bdnews24