গাজা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইসরায়েল শুক্রবার বিমান হামলা চালিয়ে গাজা উপত্যকায় ফিলিস্তিনি সংগঠন হামাসের নেতৃত্বাধীন স্বরাষ্ট্র মন্ত্রণালয় গুঁড়িয়ে দিয়েছে। একইসঙ্গে ইসরায়েল উপকূলীয় উপত্যকাটির সীমান্তও বন্ধ করে দিয়েছে।
চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন, বিমানযোগে ইসরায়েলের ওই বোমা হামলার সময় চারতলা মন্ত্রণালয়টিতে কোনো মানুষ ছিল না। তবে এ বিমান হামলায় মন্ত্রণালয়ের পার্শ্ববর্তী এলাকার এক মহিলা এবং কমপক্ষে আরও ৩০ জন আহত হয়েছে।
হামলা থেকে প্রাণে বেঁচে যাওয়া এক ফিলিস্তিনি মহিলা উম্ম ফাহমি বলেন, "মনে হচ্ছিল একটি ভূমিকম্প আঘাত হেনেছে।"
তিনি বলেন, "আমার বাড়িটি শুধু কেঁপেই ওঠে নি। এটি তার ভিত্তি থেকে লাফিয়ে উঠেছিল এবং তারপর আবার নীচে নেমে আসে। একটি আবাসিক এলাকায় মানুষের মাথার ওপর তারা কীভাবে এ ধরনের বোমা বর্ষণ করতে পারল?"
জুন মাসে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের অনুগত সেনাবাহিনীকে হটিয়ে হামাস গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়ার পর এটাই ফিলিস্তিনের কোনো সরকারি ভবনে ইসরায়েলের প্রথম বোমা হামলা।
এ হামলার কয়েক মিনিট পর ইসরায়েলি বিমানবাহিনী গাজা উপত্যকায়র মধ্যাঞ্চলে অবস্থিত হামাসের নৌবাহিনীর সদর দফতরে হামলা চালায়। তবে এতে নৌবাহিনীর দফতরটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অবশ্য, হামাস এবং হাসপাতাল কর্মকর্তারা জানিয়েছেন, এ হামলায় হামাসের এক সদস্য নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে।
প্রসঙ্গত, ইসরায়েলি হামলায় এ সপ্তাহে গাজা উপত্যকায় কমপক্ষে ৩৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের অধিকাংশই হামাস সদস্য।
ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, গাজা উপত্যকা থেকে ইসরায়েলে রকেট হামলা বন্ধে তারা সেখানে অভিযান জোরদার করেছে। তারা আরও জানিয়েছেন, গাজা উপত্যকার হামাস জঙ্গিরা গত তিন দিনে ১১০টির বেশি রকেট হামলা চালিয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র শুক্রবারের দুটি বিমান হামলার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, সেখানকার "হামাস সন্ত্রাসীদের" অবস্থানকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/১৩২২ ঘ.
bdnews24