কলম্বো, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সন্দেহভাজন তামিল টাইগার গেরিলারা শ্রীলংকার দক্ষিণাঞ্চলে পুলিশ বাহিনীর ২ সদস্যসহ কমপক্ষে ১০ ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে বলে শুক্রবার জানিয়েছে সেনাবাহিনী। দুদিন আগে একটি বেসামরিক বাসে বোমা হমলায় স্কুলের ছাত্র-ছাত্রীসহ কমপক্ষে ২৭ জন নিহত হওয়ার পরপরই এ ঘটনা ঘটল।
সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার উদয় নানায়েক্কারা জানান, " থানামালভিলা অঞ্চলে অগ্রসরমান সেনা সদস্যরা এলটিটিই'র হাতে নিহত দুই পুলিশসদস্যসহ কমপক্ষে ১০ জনের লাশ উদ্ধার করেছে।"
থানামালভিলা অঞ্চলটি গত বুধবারের বেসামরিক বাসে হামলার ঘটনাস্থল বুত্তালা শহরের খুব কাছেই।
এছাড়া শুক্রবার 'লিবারেশন টাইগার্স অব তামিল ইলম' (এলটিটিই) এর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত মুল্লাইত্তিভু জেলায় গেরিলাদের কয়েকটি স্থাপনায় বিমান বাহিনীর সেনারা বোমা বর্ষণ করেছে বলেও জানায় সেনাবাহিনী।
গত বুধবার এলটিটিই'র সঙ্গে সরকারের ছয়বছরের পুরনো অস্ত্রবিরতি চুক্তি আনুষ্ঠানিকভাবে ভেঙ্গে যাওয়ার পর গেরিলাদের বিরুদ্ধে সরকারের অভিযান চালানোর পথ সুগম হয়েছে। যদিও দীর্ঘদিন ধরেই ওই চুক্তি মেনে চলছিল না কোনো পক্ষই।
শ্রীলংকায় ১৯৮৩ সাল থেকে চলে আসা তামিলদের এ সশস্ত্র সংগ্রামে এখন পর্যন্ত প্রায় ৭০,০০০ মানুষ প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬১৭ ঘ.
bdnews24