নাইরোবি, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - নির্বাচনে কারচুপির মাধ্যমে মাওয়ি কিবাকির প্রেসিডেন্ট পদ দখলের প্রতিবাদে রাজপথে বিক্ষোভ সমাবেশ বন্ধ করার ঘোষণা দিয়েছে কেনিয়ার বিরোধী দল রাইলা ওডিঙ্গার নেতৃত্বাধীন অরেঞ্জ ডেমোক্র্যাটিক মুভমেন্ট (ওডিএম) ।
শুক্রবার তাদের পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচিই রাজপথে আপাতত তাদের শেষ বিক্ষোভ বলে শুক্রবার জানিয়েছেন দলটির মুখপাত্র সালিম লোন।
সরকার ও বিরোধী দলের মধ্যে শান্তি আলোচনার চেষ্টাকালে সাময়িকভাবে বিক্ষোভ কর্মসূচি বন্ধ থাকার পর গত তিন দিন ধরে নতুন করে শুরু করা বিক্ষোভে পুলিশের গুলিতে কমপক্ষে ৯ ব্যক্তি নিহত হওয়ার পর ওডিঙ্গার দল এ ঘোষণা দিল।
গত ২৭ ডিসেম্বরের নির্বাচনের পর টানা তিন সপ্তাহব্যপী রাজনৈতিক সহিংসতায় প্রায় ৬৫০ জন নিহত হয় কেনিয়ায়।
ওডিএম মুখপাত্র সালিম লোন জানান, "গত তিন দিনের অভিজ্ঞতা খুবই হৃদয়বিদারক, আমরা অনেক অনাকাঙ্খিত মৃত্যু আর ভোগান্তি দেখেছি। কিন্তু আজই (শুক্রবার) এ ধরনের প্রতিবাদের শেষ দিন। এরপর আমরা অন্যপথে যাব।"
আগামীতে কৌশল পরিবর্তন করে বিক্ষোভ-মিছিল-সমাবেশের পরিবর্তে ছোটখাটো ধর্মঘট এবং অবরোধ কিংবা বয়কটের মতো রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করা হতে পারে বলেও জানান মুখপাত্র।
কিবাকি সরকারকে সমর্থন দেওয়া 'কট্টরপন্থীদের' মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠানকে বয়কট অবরোধের মাধ্যমে দুর্বল করে দিয়ে রাইলা সমর্থক 'উদারপন্থীদের' শক্তিশালী করার চেষ্টা করা হবে বলে ইঙ্গিত দেন ওডিএম মুখপাত্র।
নির্বাচন পরবর্তী ভয়াবহ সহিংসতা আর রাজনৈতিক বিরোধিতার কারণে সারা বিশ্বে কেনিয়ার গণতান্ত্রিক ভাবমূর্তি ভীষণভাবে ক্ষুন্ন হয়েছে এবং আফ্রিকার অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশটি ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের দিকে ধাবিত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৫৪০ ঘ.
bdnews24