বাগদাদ, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের বাকুবা শহরে বৃহস্পতিবার একটি শিয়া মসজিদের কাছে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে আটজন নিহত হয়েছে। পুলিশ একথা জানিয়েছে।
এছাড়া বাকুবা শহরের কাছে আশুরা পালনের সময় শিয়া মুসলমানদের ওপর আরও একটি হামলায় ১৪ জন আহত হয়েছে।
শিয়া মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান আশুরা। আশুরা পালনের সময় মুসুল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে দেশজুড়ে অভিযান জোরদার করেছে ইরাকি ও মার্কিন বাহিনী। তারপরও বৃহস্পতিবার শিয়াদের ওপর এই দুটি হামলার ঘটনা ঘটল।
বাকুবা দিয়ালিয়া প্রদেশের রাজধানী। ইরাকি ও মার্কিন বাহিনী তাদের নিরাপত্তা অভিযানে দিয়ালিয়াকে গুরুত্ব দিচ্ছে। বাগদাদ ও আনবার প্রদেশ থেকে বিতাড়িত হয়ে আল-কায়েদা সমর্থিত সুন্নিরা দিয়ালিয়ায় অবস্থান নিয়েছে বলে মার্কিন বাহিনী মনে করে।
আশুরার সময় দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন প্রদেশসহ বাগদাদ ও দিয়ালিয়ায় যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
২০০৪ সালে আশুরা পালনের সময় কারবালা ও বাগদাদে সন্দেহভাজন আল-কায়েদার আত্মঘাতী ও মর্টার হামলায় ১৭১ জন নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২২৪৫ ঘ.
bdnews24