২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেনিয়ায় ৭ বিক্ষোভকারীকে গুলি করে হত্যার অভিযোগ

কেনিয়ায় নিষেধাজ্ঞা আমান্য করে বিরোধীদল বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো দেশব্যাপী বিক্ষোভ-সমাবেশ করেছে। এ সময় পুলিশের গুলিতে সাত বিক্ষোভকারী নিহত হয়েছে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা রেইলা ওদিঙ্গা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2008, 09:31 AM

Updated : 26 Aug 2022, 01:13 PM

নাইরোবি জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কেনিয়ায় নিষেধাজ্ঞা আমান্য করে বিরোধীদল বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো দেশব্যাপী বিক্ষোভ-সমাবেশ করেছে। এ সময় পুলিশের গুলিতে সাত বিক্ষোভকারী নিহত হয়েছে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা রেইলা ওদিঙ্গা। সরকারের নির্দেশেই পুলিশ বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করছে অভিযোগ করে ওদিঙ্গা বলেন, "কাসারানিতে আজ (বৃহস্পতিবার) পুলিশের গুলিতে সাতজন নিহত হয়েছে। পুলিশ ইচ্ছেমত নিরীহ মানুষের ওপর গুলি ছুড়ছে। সরকার এই দেশকে বধ্যভূমিতে পরিণত করেছে।" তবে গুলিতে সাতজন নিহত হওয়ার বিষয়ে মন্তব্য জানার জন্য কোনো পুলিশ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ওদিঙ্গা বলেন, "সহিংসতায় এ পর্যন্ত এক হাজারের বেশি নিহত হয়েছে। এদের বেশিরভাগই মারা গেছে গুলিতে।" রিফট ভ্যালিতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লঠিচার্জ ও কাঁদুনে গ্যাস ছুড়েছে। সেখানকার হাসপাতালের এক কর্মচারী জানিয়েছেন, পুলিশের হামলা থেকে বাঁচতে বিক্ষোভকারীরা হাসপাতালে আশ্রয় নেয়। সে সময় পুলিশ হাসপাতালে ঢুকতে ব্যর্থ হয়ে হাসপাতালের জরুরি বিভাগে কাঁদুনে গ্যাস সেল নিক্ষেপ করে। বৃহস্পতিবার সকালের দিকে বিক্ষোভস্থলগুলো শান্ত থাকলেও পরে ওদিঙ্গার অরেঞ্জ ডেমোক্রেটিক মুভমেন্ট (ওডিএম) নেতারা নাইরোবির হোটেলে জড়ো হয়ে উহুরু পার্ক অভিমুখে পদযাত্রা করার চেষ্টা চালায় এবং রাস্তা অবরোধ করে রাখে। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছোঁড়ে। গুলির শব্দও শুনতে পাওয়া যায়। এর আগে বুধবার বিরোধীদলের শক্ত ঘাঁটি পশ্চিমাঞ্চলীয় কিসুমু ও উপকূলবর্তী শহর মোম্বাসায় সকাল থেকেই বিক্ষোভকারীরা এক জায়গায় জড়ো হতে থাকে। এ সময় তারা টায়ার জ্বালিয়ে রাস্তা বন্ধ করে দেয়। কিসুমুতে সহস্রাধিক বিক্ষোভকারীকে পিছু হটাতে পুলিশ ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস ছোঁড়ে এবং লাঠিচার্জ করে। পুলিশের গুলিতে তিনজন নিহত ও একজন গুরুতর আহত হয়। কিসুমুতে বিক্ষোভের ওপর জারি করা তিনদিনের পুলিশী নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধীরা রাস্তায় নামলে নিরপত্তা কর্মকর্তারা তিনজনকে গুলি করে হত্যা করে। স্থানীয় কেটিএন টেলিভিশন চিত্রে একজন পুলিশকে এক বিক্ষোভকারীকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে এবং বিক্ষোভকারীকে মাটিতে লুটিয়ে পড়তে দেখা যায়। কেটিএন টেলিভিশন প্রাথমিক খবরে ৪ জনের মৃত্যুর আশঙ্কার কথা বললেও পরে তা নিশ্চিত করে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, বিক্ষোভ দমাতে কেনিয়া সরকার কঠোর পন্থা অবলম্বন করেছে। হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, "নির্বাচন পরবর্তী উত্তপ্ত পরিস্থিতিতে কেনিয়া সরকার অন্ততপক্ষে ৪৭ জনকে হত্যা করেছে। পুলিষের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে কমপক্ষে ৬২০ জন। কেনিয়ায় গত ২৭ ডিসেম্বরের বিতর্কিত নির্বাচনের পর প্রথম দফায় সহিংসতায় নিহত হয় সহস্রাধিক মানুষ। এরপর আফ্রিকান ইউনিয়নের মধ্যস্থতা প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর বিরোধীরা আবার দেশজুড়ে তিনি দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে। বুধবার রাজধানী নাইরোবিসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২০০৬ ঘ.