কিসুমু, কেনিয়া, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কেনিয়ায় বিরোধীদল নিষেধাজ্ঞা আমান্য করে সমাবেশ করার সময় তাদের ওপর গুলি চালিয়েছে পুলিশ। এতে দুইজন নিহত হয়েছে বলে প্রত্যক্ষর্দীরা জানিয়েছে।
বিরোধীদলের শক্ত ঘাঁটি পশ্চিমাঞ্চলীয় কিসুমু ও উপকূলবর্তী শহর মোম্বাসায় সকাল থেকেই বিক্ষোভকারীরা এক জায়গায় জড়ো হতে থাকে। এ সময় তারা টায়ার জ্বালিয়ে রাস্তা বন্ধ করে দেয়।
কিসুমুতে সহস্রাধিক বিক্ষোভকারীকে পিছু হটাতে পুলিশ ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস ছোঁড়ে এবং লাঠিচার্জ করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, পুলিশের গুলিতে দুইজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।
রয়টার্সের এক ক্যামেরাম্যান জানিয়েছেন, তিনি রাস্তায় একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেছেন। তার পিঠের গুলির আঘাত আছে।
রাজধানী নাইরোবির একাধিক স্থানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। এ সময় বিক্ষোকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস ছোঁড়ে।
নাইরোবিতে মানুষ তেমন বাইরে বের হয়নি। দোকানপাট-অফিস আদালতও অধিকাংশই বন্ধ ছিল। রাস্তায় যানবাহনও ছিল অন্য দিনের তুলনায় অনেক কম।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মোম্বাসায় বিক্ষোভের জন্য জড়ো হওয়ার আগেই পুলিশ প্রায় দেড়শ' যুবককে ছত্রভঙ্গ করেছে।
কেনিয়ায় গত ২৭ ডিসেম্বরের বিতর্কিত নির্বাচনের পর প্রথম দফায় সহিংসতায় নিহত হয় সহস্রাধিক মানুষ। এরপর আফ্রিকান ইউনিয়নের মধ্যস্থতা প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর বিরোধীরা আবার দেশজুড়ে তিনি দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে। বুধবার বিক্ষোভের দ্বিতীয় দিনে রাজধানী নাইরোবিসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৯০৬ ঘ.
bdnews24