২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট সুহার্তোর জীবন সঙ্কটাপন্ন

ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট সুহার্তোর জীবন সঙ্কটাপন্ন। তাকে কৃত্রিম শ্বাসযন্ত্র দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে। ডাক্তাররা শনিবার একথা জানিয়েছেন। সুহার্তো যে কোনো সময় মারা যেতে পারেন আঁচ করে সেনা ও পুলিশ বাহিনী তার কবর খোঁড়ার কাজ শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2008, 02:09 PM

Updated : 26 Aug 2022, 01:11 PM

জাকার্তা, জানুয়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট সুহার্তোর জীবন সঙ্কটাপন্ন। তাকে কৃত্রিম শ্বাসযন্ত্র দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে। ডাক্তাররা শনিবার একথা জানিয়েছেন। সুহার্তো যে কোনো সময় মারা যেতে পারেন আঁচ করে সেনা ও পুলিশ বাহিনী তার কবর খোঁড়ার কাজ শুরু করেছে। সুহার্তোর পারিবারিক গোরস্থান সেন্ট্রাল জাভায় সুহার্তোকে সমাহিত করার ওই প্রস্তুতি চলছে। সেন্ট্রাল জাভার পুলিশ প্রধান দোদি সুমান্তায়াওয়ান বলেছেন, " আমরা সব সম্ভাবনার কথাই মাথায় রেখেছি। এটি আমাদের কাজেরই অংশ।" ডাক্তাররা বলছেন, সুহার্তো এখনও চেতন থাকলেও তাকে কৃত্রিম শাস্বযন্ত্র দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে। "তার শরীরের বিভিন্ন অঙ্গ-প্রতঙ্গ সঠিকভাবে কাজ করতে পারছে না। তবে তা ঠিক করার চেষ্টা এখনও চেষ্টা চলছে।" সুহার্তোর চিকিৎসায় নিয়োজিত মেডিকেল টিমের প্রধান ডাক্তার মারজো সোয়েবিয়ানদোনো একথা বলেছেন। উল্লেখ্য, এক সপ্তাহেরও বেশি সময় ধরে অসুস্থ সুহার্তোর অবস্থা গত মঙ্গলবার আরও খারাপ হয়। সুহার্তোর এক পারিবারিক বন্ধু রয়টার্সকে জানান, সুহার্তোর ছয় সন্তান, জামাই-মেয়ে এবং নাতি-নতনিদের সবাই হাসপাতালে তাকে সঙ্গ দিচ্ছেন। এক চিকিৎসক জানিয়েছেন, সুহার্তোর সুস্থ হওয়ার সম্ভাবনা কম। ৮৬ বছর বয়সী সুহার্তোর রক্তস্বল্পতা এবং নিম্ন-রক্তচাপজনিত সমস্যা দেখা দিলে গত শুক্রবার তাকে জাকার্তার পার্তামিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৪০ সদস্যবিশিষ্ট চিকিৎসকদের একটি দল তার হৃদযন্ত্র, ফুসফুস ও কিডনির সমস্যার চিকিৎসা শুরু করে। শুক্রবারের আগেও বিভিন্ন শারীরিক সমস্যার কারণে সুহার্তোকে বেশ কয়েকবার হাসপাতালের চিকিৎসা নিতে হয়েছে। তবে এর আগে যখন সুহার্তোকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তখনকার চেয়ে তার এবারের অবস্থা আরও বেশি খারাপ। প্রসঙ্গত, ১৯৬৫ সালে এক সেনা অভুত্থানের মাধ্যমে বিশ্বের চতুর্থ জনবহুল দেশ ইন্দোনেশিয়ার ক্ষমতায় আসেন সুহার্তো। সেই থেকে টানা ৩২ বছরের শাসন শেষে ১৯৯৮ সালে গণআন্দোলনের মুখে পদত্যাগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৫৭ঘ.