ক্যাম্প আরিফজান, কুয়েত, জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- এ বছর মাঝামাঝি নাগাদ ইরাক থেকে ২০ হাজার সেনা প্রত্যাহার শেষের পরিকল্পনা মতোই এগুচ্ছে যুক্তরাষ্ট্র। ইরাকে মোতায়েন মার্কিন বাহিনীর সুপারিশ অনুযায়ী বাকী সেনাদেরও সরিয়ে নেওয়া হবে। প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ শনিবার একথা বলেছেন।
বাগদাদে মার্কিন বাহিনীর কমান্ডার জেনারেল ডেভিড পেত্রাউস এবং মার্কিন রাষ্ট্রদূত রায়ান ক্রোকারের সঙ্গে দেখা করার পর বুশ বলেন, "ইরাকে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় আমরা কিছু সেনা দেশে ফিরিয়ে নিচ্ছি।"
তিনি বলেন, "আরও বেশি সেনা দেশে ফিরিয়ে নেওয়া হবে কিনা তা নির্ভর করবে জেনারেল পেত্রাউসের সুপারিশের ওপর। মাঠ পর্যায়ের পরিস্থিতি বিবেচনা করেই পেত্রাউস সুপারিশ করবেন। নিরাপত্তা পরিস্থিতি ভালো যাচ্ছে কিনা তা নিশ্চিত হতে আমার প্রয়োজন পেত্রাউসের বিচার-বিবেচনাপ্রসূত বক্তব্য।"
ইরাক পরিস্থিতির প্রশংসা করে বুশ বলেন, "ইরাকে সেনা বাড়ানোর পর থেকে নিরাপত্তা পরিস্থিতির অনেক উন্নতি ঘটেছে। সহিংসতার মাত্রা অনেক কমে এসেছে। বাগদাদে আশার আলো জেগে উঠছে। আল-কায়েদা নেটওয়ার্কও বড় ধরনের ধাক্কা খেয়েছে।"
বুশ ইরান ও সিরিয়াকে ইরাকে সহিংসতা নিরসনে আরও বেশি কিছু করার আহ্বান জানান। ইরাক সরকার সম্পর্কে তিনি বলেন, তারা নিরাপত্তা রক্ষায় কিছুটা আগ্রগতি সাধন করলেও তাদেরকে আরও বেশি কিছু করতে হবে।
প্রশ্ন করে বুশ বলেন, তারা কি যথেষ্ট কিছু করছে? 'না'।
ইসরায়েল ও অধিকৃত পশ্চিম তীর সফর শেষে বুশ শুক্রবার কুয়েতে যান।.সেখানে তিনি কুয়েতের শাসক শেখ সাবাহ আল আহমেদের সঙ্গে মধ্যাহ্নভোজ সারেন। ইরানের বিরুদ্ধে আরবদের সমর্থন আদায়ে ৫ টি আরব দেশ সফরের শুরুতেই তিনি কুয়েতে গেলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৩২ঘ.
bdnews24