২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেনজির হত্যাকাণ্ডে জাতিসংঘ তদন্ত নাকচ করলেন মুশাররফ

বেনজির ভুট্টো হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে জাতিসংঘ তদন্তের সম্ভাবনা নাকচ করে দিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ। পাকিস্তানকে লেবাননের সঙ্গে তুলনা করা যাবে না বলে উল্লেখ করে মুশাররফ বলেন তার দেশের আইনি কাঠামোর মধ্যেই এ ঘটনার সুরাহা করা হবে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2008, 05:59 AM

Updated : 26 Aug 2022, 01:11 PM

প্যারিস, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বেনজির ভুট্টো হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে জাতিসংঘ তদন্তের সম্ভাবনা নাকচ করে দিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ। পাকিস্তানকে লেবাননের সঙ্গে তুলনা করা যাবে না বলে উল্লেখ করে মুশাররফ বলেন তার দেশের আইনি কাঠামোর মধ্যেই এ ঘটনার সুরাহা করা হবে। (আরও তথ্যসহ) ফ্রান্সের লা ফিগারো পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে মুশাররফ এসব কথা বলেছেন। পত্রিকাটি শুক্রবার তাদের ওয়েবসাইটে এ সাক্ষাৎকার প্রকাশ করে। মুশাররফ বলেন, "পাকিস্তান লেবানন নয়।" তিনি বলেন," এটা (জাতিসংঘ তদন্ত) সম্ভব নয়। এখানে কি অন্য কোনো দেশ জড়িত ?" ২০০৫ সালে লেবাননের প্রধানমন্ত্রী রফিক আল হারিরি হত্যাকাণ্ডের পর জাতিসংঘ তদন্তের আদলে বেনজিরের হত্যারহস্য উন্মোচনে একইরকম তদন্তের দাবি জানিয়ে আসছে বেনজিরের দল। হারিরি হত্যাকাণ্ডের জন্য সিরিয়াকে দায়ী করা হলেও সিরিয়া বরাবরই ওই অভিযোগ নাকচ করে আসছে। মুশাররফ বলেন, পাকিস্তান তার নিজস্ব প্রতিষ্ঠান দিয়েই নিজের আইনি কাঠামোর মধ্যে বিষয়টির সুরাহা করবে। একইসঙ্গে তিনি এটাও মনে করিয়ে দেন যে, ব্রিটশিরা ওই ঘটনা তদন্তে পাকিস্তানকে সাহায্য করছে। পাকিস্তানি প্রেসিডেন্ট অভিযোগ করেন, আল-কায়েদা পাকিস্তানকে অস্থিতিশীল করে তুলছে বলে এক ধরনের প্রচারণা চালানো হচ্ছে। তিনি বলেন," দেশকে অস্থিতিশীল করে তোলার ক্ষমতা তাদের (আলকায়েদার) নেই। তবে তাদের আত্মঘাতী হামলার কারণে বিশৃঙ্খলা তৈরী হচ্ছে এবং তা জনগণকে আশাহত করছে।" মার্কিন সাহায্য ইস্যুতে শর্ত জুড়ে দেওয়ার সমালোচনা করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সাহায্য না পেলেও পাকিস্তানের অর্থনীতি ভেঙ্গে পড়বে না। মুশাররফ বলেন, "আপনারা কি মনে করেন ওই অর্থ না পেলে পাকিস্তান মরে যাবে ? আমাদের অর্থনীতি ভালই এগোচ্ছে।" মুশাররফ জানান, " গত ছয় বছরে আমরা মোট নয় বিলিয়ন ডলার সাহায্য নিয়েছি। এর অর্ধেকেরও বেশি সন্ত্রাসবাদ মোকাবেলার জন্য। আমেরিকানরা যদি আর সাহায্য করতে না চায়... তাহলে তাদের উচিৎ অন্য কারও সাহায্য চাওয়া। কিন্তু তাতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই ক্ষতিগ্রস্ত হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৫০০ ঘ.