২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কায় পুরোদস্তুর যুদ্ধ লড়তে প্রস্তুত এলটিটিই

শ্রীলঙ্কার তামিল টাইগার গেরিলারা বৃহস্পতিবার পুরোদস্তুর গৃহযুদ্ধ লড়ার অঙ্গীকার করে বলেছে, সরকার যুদ্ধবিরতি লঙ্ঘন করার পর এখন কোনোরকম অভিযান চালানোর চেষ্টা করলে এর পাল্টা জবাব দিতে এলটিটিই প্রস্তুত রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2008, 11:35 AM

Updated : 26 Aug 2022, 01:11 PM

কলোম্বো, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- শ্রীলঙ্কার তামিল টাইগার গেরিলারা বৃহস্পতিবার পুরোদস্তুর গৃহযুদ্ধ লড়ার অঙ্গীকার করে বলেছে, সরকার যুদ্ধবিরতি লঙ্ঘন করার পর এখন কোনোরকম অভিযান চালানোর চেষ্টা করলে এর পাল্টা জবাব দিতে এলটিটিই প্রস্তুত রয়েছে। প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে সরকার এক সপ্তাহ আগে ছয়বছর মেয়াদী যুদ্ধবিরতি অবসানের ঘোষণা দেওয়ার পর এলটিটিই তাদের প্রথম প্রতিক্রিয়ায় ওই হুঁশিয়ারি দিল। এলটিটিই একইসঙ্গে নরওয়েকে শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী হয়ে থাকারও আহ্বান জানিয়েছে। লিবারেশন টাইগারস অব তামিল ইলম (এলটিটিই) গেরিলারা আরও বলেছে, " তারা যুদ্ধবিরতি মেনে চলতে প্রস্তুত। কিন্তু সশস্ত্র বাহিনী তাদের ঘাঁটি দখল অভিযানে নামলে ব্যাপক হারে পাল্টা আক্রমণ চালাতে গেরিলারা দ্বিধা করবে না।" টাইগারদের শান্তি বিষয়ক মিশনের প্রধান এস পুলিদেভান বলেন, " আমাদের ওপর পুরোদস্তুর যুদ্ধ চাপিয়ে দেওয়া হলে আমরা তা মোকাবিলা করব। " এতে করে শ্রীলঙ্কার সেনাবাহিনীকে ১৯৯৭/৯৮ সালের ভাগ্য বরণ করতে হবে বলে পুলিদেভান সতর্ক করে দেন। কিলিনোচ্চির এলটিটিই ঘাঁটি থেকে টেলিফোনে রয়টার্সকে কথাগুলো বলেন তিনি। তিনি বলেন, "টাইগারদের নতুন নিয়োগপ্রাপ্ত রাজনৈতিক শাখার নেতা বি নাদেশান নরওয়ের পররাষ্ট্রমন্ত্রীকে শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থাকারী হয়ে থাকার অনুরোধ জানিয়ে চিঠি লিখেছেন।" তিনি আরও বলেন, " সরকার একতরফাভাবে যুদ্ধবিরতি অবসানের ঘোষণা দেওয়ায় আমরা মর্মাহত এবং হতাশ।" উল্লেখ্য, টাইগাররা শান্তি আলোচনায় আন্তরিক না এ অভিযোগে শ্রীলঙ্কা সরকার গত সপ্তাহে যুদ্ধবিরতি অবসানের ঘোষণা দেয়। পরে টাইগাররা একটি বিবৃতি ইস্যু করে জানায়, তারা যুদ্ধবিরতি ১০০ ভাগ মানতে প্রস্তুত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৩১ঘ.