২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যপ্রাচ্য শান্তিচুক্তি হবে এক বছরের মধ্যেই: বুশ

মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বৃহস্পতিবার পশ্চিম তীর সফরকালে ফিলিস্তিনিদেরকে বলেছেন, "তার বিশ্বাস ইসরায়েল-ফিলিস্তিন শান্তিচুক্তি এক বছরের মধ্যেই হবে। এর বদৌলতে স্বাধীন রাষ্ট্র পাবে ফিলিস্তিনিরা।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2008, 11:29 AM

Updated : 26 Aug 2022, 01:11 PM

রামাল্লাহ, পশ্চিম তীর, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ রয়টার্স)---মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বৃহস্পতিবার পশ্চিম তীর সফরকালে ফিলিস্তিনিদেরকে বলেছেন, "তার বিশ্বাস ইসরায়েল-ফিলিস্তিন শান্তিচুক্তি এক বছরের মধ্যেই হবে। এর বদৌলতে স্বাধীন রাষ্ট্র পাবে ফিলিস্তিনিরা।" মধ্যপ্রাচ্য শান্তিচুক্তির ব্যাপারে নৈরাশ্যবাদীদের চ্যালেঞ্জ করে পশ্চিম তীরের রামাল্লায় প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক সংবাদ সম্মেলনে বুশ বলেন, "আমার বিশ্বাস, শান্তিচুক্তি হবে। আমার মেয়াদ শেষের আগেই ইসরায়েল-ফিলিস্তিনের স্বাক্ষর করা শান্তিচুক্তি পাব আমরা।" ম্যারিল্যান্ডে অ্যানাপোলিস সম্মেলনে ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে ৭ বছর পর আবার নতুন করে শান্তি আলোচনা শুরু করানোর পর থেকেই বুশ মধ্যপ্রাচ্য শান্তির ব্যাপারে আত্মপ্রত্যয় নিয়ে কথা বলে আসছেন। সেই একই প্রত্যয় নিয়ে পশ্চিম তীরেও তিনি বলেন, " যথাযথ সাহায্য- সহযোগিতার মধ্য দিয়ে ফিলিস্তিন রাষ্ট্রের উদয় হবে--- এ ব্যাপারে আমার আস্থা আছে।" তবে কর্মকর্তারা বলছেন, আগামী জানুয়ারিতে বুশের প্রেসিডেন্ট পদে ইস্তফা দেওয়ার সময়ের মধ্যে কোনো চুক্তি স্বাক্ষর হলেই যে তাৎক্ষণিকভাবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের অভ্যুদয় ঘটবে তা নয়। তারপরও অনেক আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কাজ বাকী থাকবে। আর ইসরায়েল পরিস্কার করেই জানিয়েছে, তাদের ভূখন্ড নিরাপদ না হওয়া পর্যন্ত তারা পশ্চিম তীরের দখল ছাড়বে না। তাছাড়া বুশ একবছরের মধ্যে শান্তিচুক্তি হওয়ার কথা বললেও হামাসের দখলে থাকা বিচ্ছিন্ন গাজা সঙ্কটের সমাধান এক বছরের মধ্যে হবে কিনা সে ব্যাপারে নিশ্চিত নন বলে জানিয়েছেন। অথচ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র হলে গাজাকেও এর অন্তর্ভুক্ত করতে হবে। আব্বাস জুনে গাজার নিয়ন্ত্রণ হারিয়েছেন। আর শান্তি আলোচনায় হামাসের বিরোধিতা শান্তিচুক্তির পথে বড় বাধা। বুশ বলেছেন, "ওয়াশিংটন ও এর মিত্র ইসরায়েল এখন আব্বাস প্রশাসনের সবচে শক্তিশালী সমর্থক। তারা এই প্রশাসনকে রাজনৈতিক ও অর্থনৈতিক সমর্থন দিতে প্রস্তুত। কিন্তু তিনি বলেন, "আব্বাস এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী ওলমার্টকে কঠিন সিদ্ধান্ত নিতে একসঙ্গে কাজ করতে হবে।" ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার চেষ্টায় মধ্যপ্রাচ্য সফরের ২য় দিনে বৃহস্পতিবার পশ্চিম তীর যান বুশ। পশ্চিম তীরে পৌঁছামাত্র বুশকে মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী কায়দায় আলিঙ্গন করে এবং চুমু দিয়ে স্বাগত জানান ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। রামাল্লায় ফিলিস্তিনের সরকারি মুকাতা কম্পাউন্ডে লাল গালিচা সংবর্ধনা দিয়েও বুশকে অভিনন্দন জানান হয়। এ বছরের শেষ নাগাদ ইসরায়েল-ফিলিস্তিন শান্তি চুক্তি করার লক্ষ্যে শুরু হওয়া নড়বড়ে শান্তি আলোচনা বেগবান করার চেষ্টায় বুশ এবার প্রথম ইসরায়েল এবং পশ্চিমতীর সফর করছেন। শুরুতেই ইসরায়েল সফরের পর তিনি বৃহস্পতিবার পশ্চিম তীরে গেলেন। রামাল্লায় বুশের এই সফর ফিলিস্তিনিদের মধ্যে নিজের অবস্থান আরও সুসংহত করবে বলেই আশা করছেন আব্বাস। ফিলিস্তিনি কর্মকর্তারা বলেছেন, বুশের সঙ্গে বৈঠকে আব্বাস ইসরায়েলি বসতির ব্যাপারে অভিযোগ জানাবেন এবং ইসরায়েলি সেনা অবরোধ শিথিলের দাবি জানাবেন। বুশ অবশ্য সফরের প্রথম দিন জেরুজালেমে ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে বলেছেন, "পশ্চিম তীরের সমস্ত অবৈধ ইহুদি বসতি ইসরায়েলকে সরিয়ে নিতে হবে। সেখানে এক সংবর্ধনায় বুশ আরও বলেন, তিনি মধ্যপ্রাচ্যে শান্তির সম্ভাবনা দেখতে পাচ্ছেন। তিনি বলেন, "পবিত্র এই ভূখণ্ডে শান্তির নতুন সুযোগ এসেছে। আমরা তা দেখতে পাচ্ছি।" ওলমার্টের সঙ্গে প্রায় তিন ঘন্টা বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে বুশ জানান, শান্তির জন্য উভয় নেতাই কঠিন পদক্ষেপ নিতে প্রস্তুত। তিনি বলেন, "শান্তির পথে এগিয়ে যাওয়ার এটা ঐতিহাসিক সুযোগ। আমি এখানে আসতাম না, যদি না বিশ্বাস করতাম প্রধানমন্ত্রী ওলমার্ট ও প্রেসিডেন্ট আব্বাস শান্তি প্রচেষ্টার ব্যাপারে আন্তরিক।" প্রেসিডেন্সির মেয়াদ শেষের আগে মধ্যপ্রাচ্য শান্তিচুক্তি করার চেষ্টায় সফল হওয়া নিয়ে সংশয়ের মুখেই তিনি এই সফরে এসেছেন। ইরানের বিরুদ্ধে আরবদের সমর্থন আদায়ের চেষ্টা নেওয়াও বুশের এ সফরের আরেকটি উদ্দেশ্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৫৩ঘ.