ম্যানচেস্টার, নিউ হ্যাম্পশায়ার, ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নিউ হ্যাম্পশায়ারে ডেমোক্র্যাট দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচনে হিলারি ক্লিনটনের বিশাল জয়ে পিছিয়ে পড়া বারাক ওবামা আবারও সামনে চলে এসেছেন। নেভাদায় 'কুলিনারী ওয়ার্কার্স ইউনিয়ন' এর সমর্থন পেয়ে হিলারির কাছে পরাজয়ের ক্ষতি পুষিয়ে নিয়েছেন ওবামা। তার এই জয় হোয়াইট হাউসের জন্য প্রতিযোগিতার নতুন অধ্যায় বলেই মনে করা হচ্ছে। কারণ, এ প্রতিযোগিতায় চূড়ান্ত জয় পেলে ওবামা হবেন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট।
নেভাদায় 'কুলিনারী ওয়ার্কার্স ইউনিয়ন' ওই রাজ্যের প্রভাবশালী ইউনিয়ন। ইউনিয়নের সদস্যসংখ্যা প্রায় ৬০ হাজার। এদের বেশির ভাগই হিসপ্যানিক। ১৯ জানুয়ারিতে এখানে পরবর্তী আরেকটি প্রতিযোগিতায় নামবেন ডেমোক্র্যাট প্রার্থীরা।
উল্লাসিত সমর্থকদের উদ্দেশ্য ওবামা বলেন, " আমার কণ্ঠ সামান্য ভাঙা, আমার দৃষ্টি সামান্য ঝাপসা, আমার পিঠে সামান্য ব্যথা, কিন্তু আমার জীবনীশক্তি অফুরন্ত।"
মঙ্গলবার নিউ হ্যাম্পশায়ার রাজ্যের ডেমোক্র্যাট ককাসে বিশাল জয় নিয়ে প্রতিদ্বন্দ্বী বারাক ওবামাকে পেছনে ফেলে দেন হিলারি। কিন্তু নেভাদা এবং বিশেষ করে দক্ষিণ ক্যারোলিনায় আবার ঘুরে দাঁড়ান ওবামা। এখানকার বেশির ভাগ ভোটারই কৃষ্ণাঙ্গ।
এর আগে আইওয়া রাজ্যে তৃতীয় অবস্থানে চলে গিয়ে ওবামা ও এডওয়ার্ডস এর পেছনে পড়ে গিয়ে দীর্ঘদিন ধরে জাতীয় পর্যায়ে 'অগ্রগামী প্রার্থী'র খেতাব হারিয়েছিলেন হিলারি।
কিন্তু নিউ হ্যাম্পশায়ারে জয়ের পর উচ্ছ্বসিত সমর্থকদের উদ্দেশ্যে হিলারি বলেন, "আমি আপনাদের কথা শুনছিলাম, আপনাদের কথা শুনতে শুনতেই আমি আমার কন্ঠ ফিরে পেয়েছি।"
ওদিকে, হিলারির এ জয়ে তাকে অভিনন্দন জানিয়ে ওবামা বলেছিলেন, "আমি এখনও উজ্জীবিত এবং লড়ে যেতে প্রস্তুত।" তার একথারই প্রমাণ মিলেছে নেভাদা আর সাউথ ক্যারোলিনায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৩২৫ ঘ.
bdnews24