প্যারিস, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রুয়ান্ডায় ১৯৯৪ সালে গণহত্যার সঙ্গে জড়িত সন্দেহে দেশটির সেনাবাহিনীর সাবেক এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ফরাসি পুলিশ।
কৌসুলি রিচার্ড বোমেটন জানান, ৫৩ বছর বয়স্ক মার্সেল বিভুগাবাগাবোকে দক্ষিণাঞ্চলীয় শহর তৌলুস থেকে গত মঙ্গলবার আটক করা হয়েছে।
তিনি বলেন, "বাড়ি থেকেই ওই সাবেক সেনা কর্মকর্তাকে আটক করা হয়েছে। সম্পর্কে ইন্টারপোল আমাদের তথ্য দিয়েছিল। তা যাচাইয়ের পরেই তাকে আটক করা হয়।"
তিনি জানান, আটক ব্যক্তিকে তার দেশের কাছে হস্তান্তরের ব্যাপারে কর্তৃপক্ষই সিদ্ধান্ত নেবে।
রুয়ান্ডার এক কর্মকর্তা জানান, বিভুগাবাগাবোর বিরুদ্ধে দক্ষিণাঞ্চলীয় রুহেঙ্গেরি প্রদেশে গণহত্যার অভিযোগ আনা হবে। ১৯৯৪ সালের ওই গণহত্যার সময় তিনি সেখানকার সেনা কমান্ডার ছিলেন।
ওই কর্মকর্তা বলেন, "গত সেপ্টেম্বরে আমরা বিভুগাবাগাবোর বিরুদ্ধে অভিযোগপত্র প্রকাশ করি। তাকে আটক করার খবর ইন্টারপোল গত সন্ধায় আমাদের জানিয়েছে।
রুয়ান্ডা চায় আটক ব্যাক্তিকে তাদের কাছে হস্তান্তর করা হোক। যদিও তাদের সঙ্গে ফ্রান্সের কোনো বন্দিবিনিময় চুক্তি নেই।
১৯৯৪ সালে পূর্বসূরির মৃত্যুর ঘটনায় রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগেমিকে বিচারের মুখোমুখি দাঁড় করানো উচিত বলে এক ফরাসি বিচারক মন্তব্য করার পর গত নভেম্বর মাসে রুয়ান্ডা ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। ওই মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে সংঘটিত গণহত্যায় ১৯৯৪ সালে রুয়ান্ডায় প্রায় আট লাখ মানুষকে হত্যা করা হয়।
গত মাসে ইউরোপ-আফ্রিকা সম্মেলনের সময় প্রেসিডেন্ট কাগেমির সঙ্গে সাক্ষাতের পর ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি জানান, রুয়ান্ডার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হয়ে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০২৫ ঘ.
bdnews24