মস্কো, জানুয়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - রাশিয়ার কাজান শহরের একটি পুরনো আবাসিক ভবনে গ্যাস বিস্ফোরণে বুধবার কমপক্ষে ৭ জন নিহত হয়েছে। ওই ঘটনায় আরও প্রায় ২০ ব্যক্তি নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকারী কর্মকর্তারা একথা জানিয়েছেন।
মস্কোর প্রায় ৮০০ কিলোমিটার পূর্বদিকে কাজান শহরে বুধবার ভোররাতের দিকে ওই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ভবনটির একাংশ ধসে পড়েছে।
ওই ঘটনায় নিহত তিনজনই নারী। ভবনের ধসে পড়া অংশ থেকে দুই নারীর লাশ উদ্ধার করা হয় এবং অপর একজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
বুধবার দুপুরে উদ্ধারকারী দলের এক মুখপাত্র জানান, তখনও উদ্ধার তৎপরতা চলছিল এবং তখন পর্যন্ত দুই ব্যক্তিকে সেখান থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
পুরনো ওই ভবনটিতে ৩৩ জন বাসিন্দা ছিলেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে বিস্ফোরণের সময় তাদের কতোজন সেখানে উপস্থিত ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি।
কিছুদিন আগেও ভবনটিতে বাস করতেন এমন এক ব্যক্তি 'ভেস্তি-২৪' টেলিভিশন চ্যানেলকে জানান বিস্ফোরণের সময় তার কয়েক আত্মীয় ওই ভবনে ছিলেন।
তিন বলেন " আমাদের নানীকে খুঁজে পেয়েছি কিন্তু নানা এবং সাত বছরের মেয়েকে এখনও খুঁেজ পাইনি।"
রাশিয়ায় প্রায়ই পুরনো আবাসিক ভবনে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৭৪৯ ঘ.
bdnews24