২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হরমুজে সংঘাত হলে ইরান 'পরিণতি' ভোগ করবে: যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যের তেল পরিবহনের অন্যমত সমুদ্রপথ পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধজাহাজের নতুন কোনো সংঘাত হলে ইরানকে এর পরিণতি ভোগ করতে হবে। এক ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা বুধবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2008, 11:15 AM

Updated : 26 Aug 2022, 01:10 PM

ওয়াশিংটন, জানুয়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মধ্যপ্রাচ্যের তেল পরিবহনের অন্যমত সমুদ্রপথ পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধজাহাজের নতুন কোনো সংঘাত হলে ইরানকে এর পরিণতি ভোগ করতে হবে। এক ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা বুধবার একথা বলেছেন। প্রেসিডেন্ট বুশের সঙ্গে ইসরায়েল সফরে যাওয়া মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্টিফেন হ্যাডলি বলেন, "ইরানের কর্মকাণ্ড খুবই উস্কানিমূলক। তারা আমাদের এবং তাদের বাহিনীর মধ্যে সংঘাত সৃষ্টি করার চেষ্টায় আমাদের কাছাকাছি চলে আসতে পারে। তাদের ব্যাপারে খুবই সাবধান থাকতে হবে।" উল্লেখ্য, গত সপ্তাহে ইরানের কয়েকটি স্পীডবোট হরমুজে মার্কিন যুদ্ধজাহাজ উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল। হ্রাডলি ইরানের এই হুমকিকেই উস্কানিমূলক বলেছেন। সতর্ক করে দিয়ে তিনি বলেন, "এরকম ঘটনা আবারও ঘটলে ইরানকে এর পরিণতি ভোগ করতে হবে।" সোমবার মার্কিন কর্মকর্তারা ইরানের মার্কিন নৌবাহিনীর জাহাজ উড়িয়ে দেওয়ার হুমকির কথা জানান। গত সপ্তাহের শেষ দিকে এলাকাটিতে যুক্তরাষ্ট্রের তিনটি জাহাজের দিকে ইরানের পাঁচটি টহলযান আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে এসে এ হুমকি দেয়। হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে তেহরানকে ভবিষ্যতে ওই ধরনের ঘটনা ঘটানোর ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানায়। হোয়াইট হাউসের মুখপাত্র গর্ডন জনদ্রয়ি বলেন, "আমরা ইরানিদের প্রতি আহ্বান জানাচ্ছি ওই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে। যে ধরনের ঘটনা ভবিষ্যতে ভয়াবহ ঘটনার সৃষ্টি করতে পারে।" মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ওয়াশিংটনের স্থানীয় সময় শনিবার রাতের শেষ দিকে (গ্রিনিচ সময় ০৪০০ ঘণ্টায়) হরমুজ প্রণালীতে এ ঘটনা ঘটে। এদিকে, ইরান ওই ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ প্রত্যাখ্যান করে বলেছে, ঘটনাটি সাধারণ ব্যাপার এবং তার সমাধান হয়ে গেছে। কিন্তু পেন্টাগন ইরানের এ পদক্ষেপকে "অসতর্ক, বেপরোয়া ও সম্ভাব্য শত্র"তাপূর্ণ" হিসাবে অভিহিত করে বলেছে, তেহরানের উচিত এ বিষয়ে ব্যাখ্যা দেওয়া। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস বলেন, "এটা খুবই উত্তেজনাপূর্ণ এলাকা এবং ঘটনা ঘটার আশঙ্কা সত্যিই তীব্রতর হচ্ছে।" তিনি বলেন, "তেহরানে যে খুবই অবিশ্বাস্য সরকার রয়েছে এ ঘটনা সে বিষয়ের এক সতর্কবাণী।" উপসাগরে মার্কিন নৌ ঘাঁটির ফিফথ ফ্লিথের কমান্ডার ভাইস অ্যাডমিরাল কেভিন কসগ্রিফ বলেন, আন্তর্জাতিক জলসীমায় থাকা যুক্তরাষ্ট্রের তিনটি জাহাজের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে এসেছিল ইরানের পাঁচটি টহল নৌকা। তাদের কর্মকাণ্ড ছিল " অসঙ্গতভাবে উস্কানিমূলক।" কসগ্রিফ বাহরাইনে তার সদর দফতর থেকে ভিডিওলিংক এর মাধ্যমে পেন্টাগনে সাংবাদিকদের বলেন, "জাহাজগুলো একটি বেতার বার্তা পেয়েছিল। সেটি ছিল হুমকির মতো। তাতে এটা জানানো হচ্ছিল যে তারা আমাদের জাহাজগুলোর দিকে আসছে এবং যুক্তরাষ্ট্রের জাহাজগুলো উড়িয়ে দেওয়া হবে।" ইরানের পরমাণু কর্মসূচির পাশপাশি সন্ত্রাসবাদ ও ইরাক ইস্যুতে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যকার উত্তেজনাকর সম্পর্কের সর্বশেষ লক্ষণ হিসাবে বিবেচিত হচ্ছে হরমুজ প্রণালীর এ ঘটনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭০৫ ঘ.