২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৪৪ এলটিটিই গেরিলা হত্যার দাবি শ্রীলংকার

শ্রীলংকার উত্তরাঞ্চলে তামিল গেরিলাদের নিয়ন্ত্রাণাধীন একটি এলাকা পুনর্দখল করে ৪৪ জন এলটিটিই গেরিলাকে হত্যার দাবি জানিয়েছে সেনাবাহিনী। গেরিলাদের হামলায় মঙ্গলবার মন্ত্রী ডি এম দাসানায়েকে নিহত হওয়ার পরদিনই এ দাবি জানানো হল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2008, 10:02 AM

Updated : 26 Aug 2022, 01:10 PM

কলম্বো, জানুয়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - শ্রীলংকার উত্তরাঞ্চলে তামিল গেরিলাদের নিয়ন্ত্রাণাধীন একটি এলাকা পুনর্দখল করে ৪৪ জন এলটিটিই গেরিলাকে হত্যার দাবি জানিয়েছে সেনাবাহিনী। গেরিলাদের হামলায় মঙ্গলবার মন্ত্রী ডি এম দাসানায়েকে নিহত হওয়ার পরদিনই এ দাবি জানানো হল। নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা মুখপাত্র জানান, "মান্নারের প্রায় এক বর্গকিলোমিটার এলাকা দখল করে নেওয়া হয়েছে। ৩৮ গেরিলা নিহত হয়েছে এবং আরও ৩০ জন আহত হয়েছে। অন্যদিকে ১ সেনা নিহত এবং আরও ৫ জন আহত হয়েছে।" মুখপাত্র জানান, মঙ্গলবার উত্তরাঞ্চল জুড়ে চলমান সংঘর্ষে আরও ৩৮ গেরিলা নিহত হয়। আর বুধবার নিহত হয় ৬ জন। এ নিয়ে গেরিলা নিহতের সংখ্যা ৪৪ জনে দাঁড়িয়েছে। সরকার গত সপ্তাহে লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম (এলটিটিই) এর সঙ্গে আনুষ্ঠানিকভাবে অস্ত্রবিরতি ভেঙ্গে দেওয়ার ঘোষণা দেওয়ার পর থেকে এ পর্যন্ত দেশটিতে প্রায় ১৫০ জনের প্রাণহানি ঘটল। ২০০২ সালে ওই অস্ত্রবিরতি চুক্তি হয়েছিল। মঙ্গলবার সকালে শ্রীলংকার 'নেশন বিল্ডিং অ্যান্ড এস্টেট ইনফ্রাসটাকচার ডেভেলপমেন্ট' বিষয়ক মন্ত্রী ডি এম দাসানায়েকের গাড়িবহর কলম্বোর ১২ মাইল উত্তরের জা-ইলা শহর দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণের শিকার হন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৫৫৫ ঘ.