ইসলামাবাদ, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ বলেছেন, বেনজির হত্যার রহস্য উদঘাটনে তার সরকার প্রতিশ্রতিবদ্ধ এবং অপরাধীদের অবশ্যই শাস্তি পেতে হবে। হত্যা তদন্তে পাকিস্তানে আসা স্কটল্যান্ড ইয়ার্ডের সদস্যদের মঙ্গলবার তিনি একথা বলেন।
গত ২৭ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে একটি নির্বাচনী সমাবেশ শেষে গাড়িতে ওঠার সময় যুগপৎ গুলি ও বোমা হামলায় পাকিস্তানের দুই বারের প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী বেনজির ভুট্টো নিহত হন।
বেনজির হত্যার জন্য সরকার আল-কায়েদা জঙ্গিদের দায়ী করলেও অনেক পাকিস্তানির ধারণা হত্যকাণ্ডের পেছনে পাকিস্তানের নিরাপত্তা সংস্থাগুলোর একটি অংশের হাত রয়েছে। এছাড়া তার মৃত্যু গাড়ির ছাদে বাড়ি খেয়ে নাকি গুলিতে হয়েছে সে বিষয়টিও এখনও পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
হত্যকাণ্ডের আন্তজার্তিক তদন্তের দাবির মুখে গত সপ্তাহে মুশাররফ স্কটল্যান্ড ইয়ার্ডের সাহায্য চান। এরপর পাকিস্তানে আসে স্কটল্যান্ড ইয়ার্ডের একটি তদন্ত দল। তারা বিভিন্ন আলামত পরীক্ষা করছেন এবং বিভিন্ন জনের সঙ্গে কথা বলছেন।
স্কটল্যান্ড ইয়ার্ডের দলটি মঙ্গলবার প্রেসিডেন্ট মুশাররফের সঙ্গে দেখা করে। এ সময় মুশাররফ তাদের জানান, হত্যাকারীদের খুঁজে বের করতে এবং বিচারের মুখোমুখি দাঁড় করাতে তার সরকার অঙ্গীকারাবদ্ধ।
মুশাররফের উদ্ধৃতি দিয়ে সরকারের একটি সূত্র জানায়, "তদন্তে স্কটল্যান্ড ইয়ার্ডকে সর্বোচ্চ সহযোগিতার নিশ্চয়তা দিয়েছেন মুশাররফ।"
তবে বেনজির ভুট্টোর দল পাকিস্তান পিপলস্ পর্টি (পিপিপি) জানিয়েছে, সরকারের তদন্ত কার্যক্রমে তারা সন্তুষ্ট নয়। তারা জাতিসংঘের তদন্ত দাবি করেছে।
পিপিপি জানিয়েছে, "স্কটল্যান্ড ইয়ার্ডকে শুধু মৃত্যুর কারণ তদন্ত করে দেখার কথা বলা হয়েছে। তবে এই হত্যাকাণ্ডের পেছনে কারা ষড়যন্ত্রকারী, কারা অর্থ যুগিয়েছে এবং কারা হামলার ব্যবস্থা করেছে তা তারা দেখবে না।"
তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র সোমবার জানান, স্কটল্যান্ড ইয়ার্ডের তদন্তকারীরা স্বাধীনভাবে কাজ করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০০০ ঘ.
bdnews24