২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলা

লেবানন থেকে মঙ্গলবার ইসরায়েলের উত্তরাঞ্চলে দুটি রকেট হামলা চালানো হয়েছে। তবে এতে কোনো প্রাণহানি হয়নি। ইসরায়েলি পুলিশ এবং সেনাবাহিনী একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2008, 11:53 AM

Updated : 26 Aug 2022, 01:10 PM

জেরুজালেম, জানুয়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - লেবানন থেকে মঙ্গলবার ইসরায়েলের উত্তরাঞ্চলে দুটি রকেট হামলা চালানো হয়েছে। তবে এতে কোনো প্রাণহানি হয়নি। ইসরায়েলি পুলিশ এবং সেনাবাহিনী একথা জানিয়েছে। সীমান্তবর্তী গ্রাম শ্লোমিতে যুগপৎ এ রকেট হামলায় প্রকম্পিত হয়ে ওঠে পুরো ইসরায়েল। প্রসঙ্গত, ২০০৬ সালে লেবাননের হিজবুল্লাহ গেরিলা ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধের সময় এ গ্রামটির ওপর ব্যাপক রকেট হামলা চালানো হয়। এছাড়া, বুধবার শুরু হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের মধ্যপ্রাচ্য সফর উপলক্ষ্যে সীমান্তবর্তী এ এলাকাটিতে জারি রয়েছে সর্বোচ্চ সতর্কতা। ইসরায়েলি পুলিশের মুখপাত্র মিকি রোজেনফেল্ড বলেন, "মঙ্গলবার ভোররাতে লেবানন থেকে ইসরায়েলের উত্তর অঞ্চলে দুটি কাতিউশা রকেট হামলা চালানো হয়েছে।" ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্রও এ বিষয়টি নিশ্চিত করেছেন। অবশ্য, এর আগে ওই মুখপাত্র বলেছিলেন, সম্ভবত পরিত্যাক্ত কামানের গোলা থেকে শ্লোমিতে মঙ্গলবার ভোররাতের বিস্ফোরণটি ঘটেছে। ২০০৬ সালের ওই যুদ্ধে লেবাননের হিজবুল্লাহ গেরিলা অধুষ্যিত এলাকায় ইসরায়েলের ব্যাপক অভিযানের পর ইসরায়েল-লেবানন সীমান্তে তেমন কোনো সহিংসতা হয়নি। এছাড়া, ওই যুদ্ধের পর সীমান্ত এলাকায় জাতিসংঘের শান্তিরক্ষীদের পাশাপাশি লেবানন সেনাবাহিনীরও ঘাঁটি স্থাপন করা হয়েছে। এ ঘটনা সম্পর্কে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে হিজবুল্লাহ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/ ১৭৩২ ঘ.